সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২, ১১:৩১:০৩

রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমায়

 রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমায়

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার সব ধরনের বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন এই ঘোষণা দিয়েছেন। এই নিষেধাজ্ঞা ঘোষণার পর বহু যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

তিনি বলেছেন, "আমরা রাশিয়ান মালিকানাধীন, রাশিয়াতে নিবন্ধিত এবং রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত যেকোন ধরনের বিমানের জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করছি।"

এখন থেকে এমন সকল বিমান, এমনকি ধনীদের ব্যক্তি মালিকানাধীন জেট ইউরোপীয় ইউনিয়ন-ভুক্ত কোন দেশে অবতরণ করতে পারবে না, উড্ডয়ন করতে পারবে না এবং সেদেশ দেশগুলোর আকাশসীমার উপর থেকে উড়েও যেতে পারবে না।

নিষেধাজ্ঞা ঘোষণার পর একের একের পর ইউরোপীয় দেশ রাশিয়ার জন্য তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করছে। জার্মানি তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ান বিমানগুলোকে অনেক ঘুরে যাতায়াত করতে হবে এবং তাতে ফ্লাইটের সময় অনেক বেশি লাগবে।

বাণিজ্যিক বিমানগুলো ইতিমধ্যেই ইউক্রেইন, মলদোভা এবং বেলারুশের আকাশসীমা এড়িয়ে চলছে। প্রতিশোধমূলক সিদ্ধান্ত হিসেবে রাশিয়ার সবচেয়ে বড় বিমানসংস্থা এরোফ্লোট বলেছে, তারাও ইউরোপগামী সকল ফ্লাইট বাতিল করবে। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে। সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে