আন্তর্জাতিক ডেস্ক : দক্ষতা ও নির্ভুল নিশানায় একের পর এক রাশিয়ান যুদ্ধবিমান ধ্বংস করছেন 'ঘোস্ট অব কিভ'! একটি-দু'টি নয়। ৩০ ঘণ্টায় পর পর ছয়টি। এ রকমই একটি ভিডিও ঘিরে নেটমাধ্যমে শোরগোল শুরু হয়েছে। বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শুরুর দিনেই এক নামহীন বিমানচালকের এই কীর্তির দাবি করেছে ইউক্রেন।
ওই চালককেই 'ঘোস্ট অব কিভ' বলা হচ্ছে। তাকে নায়কের আসনও পেতে দিয়েছে ভোলোদিমির জেলেনস্কি সরকার। যদিও এই দাবি ঘিরে উঠছে নানা প্রশ্ন। টুইটারে ভাইরাল হওয়া অসংখ্য ভিডিওতে দেখা গিয়েছে, ইউক্রেনের ‘মিগ-২৯’ যুদ্ধবিমানের চালকের আসনে এক হেলমেটধারী। ইউক্রেনের নানা শহরে যুদ্ধবিমান নিয়ে উড়ে বেড়াচ্ছেন তিনি। এমনকি, নিখুঁত লক্ষ্যভেদে আকাশ থেকে নামিয়ে আনছেন রাশিয়ান বিমান। সব মিলিয়ে ১০টি যুদ্ধবিমান ধ্বংস করেছেন তিনি। সত্যিই কি এমন করেছেন ‘ঘোস্ট অব কিভ’?
ইউক্রেনের অজানা ওই বিমানচালকের এ হেন কীর্তির সত্যতা নিয়ে প্রশ্নের মাঝেই একটি ভিডিওতে ৫০ লক্ষের পছন্দ হয়েছে। একটি ভাইরাল পোস্টে এক জনের দাবি, ‘রাশিয়ান বিমানসেনার দু’টি এসইউ-৩৫, একটি এসইউ-২৭, একটি মিগ-২৯ এবং দু’টি এসইউ-২৫ বিমান উড়িয়ে দিয়েছে ঘোস্ট অব কিভ।’ তবে এ সবই গু'জব বলে উড়িয়ে দিয়েছে নানা সংবাদমাধ্যম থেকে শুরু করে টুইটার ব্যবহারকারীদের একাংশ।
‘ঘোস্ট অব কিভ’-এর অস্তিত্বকে নাকচ করে দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। তাদের দাবি, টুইটারে ভাইরাল ওই ভিডিওটি ভুয়ো। সেটি আসলে ২০০৮ সালে ‘ডিজিটাল কমব্যাট সিমুলেটর’ (ডিসিএস) নামে একটি ভিডিয়ো গেমের একটি ফুটেজ। রয়টার্স বলছে, ‘অনলাইনে যে ভিডিওটি দেখা যাচ্ছে, তাতে ইউক্রেনের কোনও ফাইটার জেট রাশিয়ান যু'দ্ধবিমানকে ধ্বংস করছে না। এটি আসলে ডিসিএস ভিডিও গেমের অংশ।’
অন্যদিকে, ইউক্রেনের সরকারের সাথে সাথে দেশটির সাবেক প্রসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো ‘ঘোস্ট অব কিভ’ এর সত্যতা নিশ্চিত করে পোস্ট করেছেন। ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ান ৬ টি বিমান ভূপাতিত করেছেন এই পাইলট। এটি নিশ্চিত যে 'ঘোস্ট অব কিভ' কেবল বাস্তব শুধু নয়, আকাশেও সক্রিয় রয়েছেন। তিনি তার অফিসিয়াল টুইটের ছবিসহ এক পোস্টে এই দাবি করেছেন।
পোস্টে পেট্রো পোরোশেঙ্কো লেখেন, "ছবিতে আমাদের কাছে মিগ-২৯ পাইলট রয়েছে, যে 'দ্য ঘোস্ট অফ কিভ' নামে পরিচিত। সে শত্রুদের ভয় দেখায় এবং ইউক্রেনের মানুষকে গর্বিত করে। রাশিয়ান পাইলটদের বিরুদ্ধে সে ছয়টি জয় পেয়েছে! এই ধরনের শক্তিশালী ডিফেন্ডারদের সাথে ইউক্রেন অবশ্যই জিতবে!" সূত্র : নিউজ ১৮