সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২, ০১:৩৪:১২

নিষেধাজ্ঞা দিয়ে এখন পুতিনের পাল্টা পদক্ষেপের ভয় পাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

নিষেধাজ্ঞা দিয়ে এখন পুতিনের পাল্টা পদক্ষেপের ভয় পাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক : পঞ্চম দিনে গড়িয়েছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলা। এই কারণে রাশিয়ার বিরুদ্ধে একে একে নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-সহ পশ্চিমা বহু দেশ। এই পরিস্থিতিতে মস্কোর পাল্টা পদক্ষেপের আশঙ্কা করছে ইইউ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাশিয়ার জ্বালানির ওপর ইউরোপীয় ইউনিয়ন ব্যাপকভাবে নির্ভরশীল। এর ফলে মস্কো বিপুল পরিমাণ অর্থও আয় করে থাকে। আর এই দু’টি বিষয় থেকে ইউক্রেনে চলমান রুশ হামলা ও এতে করে সৃষ্ট সংকটকে পৃথক করা যাবে না। গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে ঢুকে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিকে বড় হামলার ঘটনা হিসেবে বলা হচ্ছে। 

এতেই মূলত রাশিয়ার বিরুদ্ধে একে একে কঠোর সব নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে পশ্চিমারা। বিবিসি বলছে, ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে কঠোর সব নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন। সর্বশেষ রোববার মস্কোর বিরুদ্ধে একগুচ্ছ নতুন নিষেধাজ্ঞা আরোপ করে সংস্থাটি। 

তবে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- রাশিয়ার অন্যতম প্রধান একটি গ্যাস পাইপলাইনের অনুমোদন জার্মানি স্থগিত করলেও কার্যত মস্কো থেকে জ্বালানি আমদানি একটুও কমায়নি ইউরোপীয় ইউনিয়ন। এমনিতেই ইউরোপজুড়ে জ্বালানির দাম এখন অনেক বেশি। এখন যদি রাশিয়ার পাল্টা পদক্ষেপে জ্বালানির সংকট শুরু হয় তাহলে মহাদেশজুড়ে এর দাম ছুটবে রকেটের গতিতে। 

এটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বেশ ভালোভাবেই জানেন। আর মূল সমস্যাটা এখানেই। রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর ব্রাসেলস এখন ভয় পাচ্ছে যে, রাশিয়া হয়তো তাদের বিরুদ্ধ পাল্টা ব্যবস্থা নিতে পারে। প্রতিশোধমূলক পদক্ষেপের মাধ্যমে রাশিয়া যদি ইউরোপে গ্যাস রপ্তানি স্থগিত করে তাহলে জ্বালানির সংকটে পড়বে তারা। সূত্র : বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে