আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে তুমুল যুদ্ধ। এদিকে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে শর্ত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের এক বিবৃতির জবাবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে ফোনালাপে তিনি বলেন, ইউক্রেনের বিষয়ে নিষ্পত্তিতে আসা সম্ভব, তবে কিয়েভকে অবশ্যই নিরপেক্ষ, নাৎসিমুক্ত ও বেসামরিক হতে হবে। আর ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিতে হবে।
বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে রাশিয়া আলোচনা উন্মুক্ত রেখেছে। আলোচনা থেকে প্রত্যাশিত ফল আসবে বলেই ধারণা করা হচ্ছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে লড়াইয়ের অভিজ্ঞতা থাকা বন্দিদের ছেড়ে দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এমন নির্দেশ দিয়েছেন। জেলেনস্কি বলেন, নৈতিক দিক থেকে এই সিদ্ধান্ত কঠিন হলেও প্রতিরক্ষার দিক থেকে তা খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়া জরুরিভিত্তিতে সদস্যপদ দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউরোপীয়দের সঙ্গে একসঙ্গে থাকাই আমাদের লক্ষ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ইউরোপের সঙ্গে মিলে সমানতালে এগিয়ে যেতে হবে। আমি মনে করি, এটিই ন্যায্য, এটি সম্ভব।