আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ দিন রক্তক্ষয়ী যুদ্ধের পর সোমবার বেলারুশে শান্তি আলোচনায় বসেছিল রাশিয়া ও ইউক্রেন। সেখানে দুই দেশের ঠিক কী আলোচনা হয়েছে, তার সরকারি কোনও বিবৃতি মেলেনি। তবে রুশ সংবাদ সংস্থা সূত্রে খবর, মস্কো ও কিয়েভের মধ্যে দ্বিতীয় পর্যায়ের আলোচনা হবে।
ইউক্রেন চেয়েছিল অতি সত্ত্বর তাদের দেশ থেকে সেনা প্রত্যাহার করুক রাশিয়া। কিন্তু যুদ্ধবিরতির লক্ষ্য নিয়ে শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের দু’টি শহর রাশিয়া কব্জা করে নেয় বলে খবর ছড়িয়ে পড়ে। এমনকি উপগ্রহ চিত্রে দেখা যায়, ৬৪ কিলোমিটার দীর্ঘ সেনা কনভয় নিয়ে ইউক্রেন রাজধানীর দিকে এগিয়ে আসছে রুশ সেনা।
এই পরিস্থতিতিতে প্রতিরক্ষার জন্য দ্রুত ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত দেশগুলির সাহায্য চাইছে ইউক্রেন। পাশাপাশি, রাশিয়ার জন্য আকাশপথে নিষেধাজ্ঞা আনতে পূর্বের দেশগুলিকে আবেদন করেছেন জেলেনস্কি। এছাড়াও রাশিয়ার সামরিক অভিযান ঠেকাতে জরুরিভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদন করলেন ইউক্রেন রাষ্ট্রপতি ভোলোদেমির জেলেনস্কি। দেশের প্রতিরক্ষার স্বার্থে এই পদক্ষেপ বলে জানালেন ইউক্রেন প্রেসিডেন্ট।