মঙ্গলবার, ০১ মার্চ, ২০২২, ০৮:০৮:৫৫

পাশ্চাত্যের নিষেধাজ্ঞার পর এবার পাল্টা যে পদক্ষেপ নিল রাশিয়া

পাশ্চাত্যের নিষেধাজ্ঞার পর এবার পাল্টা যে পদক্ষেপ নিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকা ও তার কয়েকটি মিত্র দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্দেশ নামায় সই করেছেন। এতে ওই দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত নির্দেশ বাস্তবায়নের কথা বলা হয়েছে।

এদিকে, রুশ প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন আমেরিকা ও তার কিছু মিত্র দেশের বিরুদ্ধে বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

প্রকৃতপক্ষে, ইউক্রেনে রুশ সামরিক অভিযানের অজুহাতে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও অস্ট্রেলিয়া রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞার ঘোষণা দেয়ার পর এর পাল্টা প্রতিক্রিয়ায় মস্কোও তাদের বিরুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের কথা জানালো। পর্যবেক্ষকরা বলছেন, পাশ্চাত্যের দেশগুলো সুযোগমতো রাশিয়ার বিরুদ্ধে এমন সব ক্ষেত্রে ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছে যা কিনা নজিরবিহীন। 

এসব নিষেধাজ্ঞার মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, ব্যাংকিং, রাজনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া, রাশিয়ার অনেক শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এমনকি ইউরোপের আকাশে রাশিয়ার বিমান উড্ডয়ন নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির খেলাধুলাকেও  নিষেধাজ্ঞা  তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্র- পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে