আন্তর্জাতিক ডেস্ক : তুমুল যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এদিকে এই যুদ্ধের কারণ কী? এনিয়ে চলছে চুল-চেরা বিশ্লেষণ। অনেকে মনে করেন যে, ইউক্রেনের পূর্ব দিকে নেটোর আধিপত্য বিস্তারে রাশিয়া কিছুটা আতঙ্কের মধ্যে ছিল। কারণ, ইউক্রেন নেটোর সদস্যে অন্তর্ভুক্ত হলে রাশিয়ার সমস্যা হয়ে দাঁড়াবে। সেই আশঙ্কা থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা। তবে ইউক্রেনে কতদিন পর্যন্ত সামরিক অভিযান চলবে এর ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সোইগু।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ছয় দিন ধরে ইউক্রেন ও রুশ সেনাদের সংঘর্ষ চলছে। রাশিয়া যে লক্ষ্য নিয়ে ইউক্রেনে অভিযান চালাচ্ছে সেটি এখনও অর্জন করতে পারেনি।
সের্গেই সোইগু জানান, পশ্চিমাদের সামরিক হুমকি থেকে রাশিয়াকে রক্ষা করতে ইউক্রেনে অভিযান চালানো হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্টকে সরানো এবং সেখানে রাশিয়ার আজ্ঞাবহ সরকারকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে এই অভিযান চলছে।
মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত থাকবে। ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ এক সামরিক বহর। সূত্র: আল জাজিরা