আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে কঠিন অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। চলছে দুই দেশের মধ্যে তুমুল যুদ্ধ। এমন পরিস্থিতিতে এই মুহুর্তে বেকায়দায় পুতিন। একে তো ইউক্রেনে হামলার পরে অভাবনীয় প্রতিরোধের ধাক্কা। তার উপর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ও মানবাধিকার পরিষদের সদস্যপদ বাতিল হওয়ার আশঙ্কা। নিঃসন্দেহে কিয়েভ দখলের লড়াইয়ে এই মুহূর্তে কিছুটা চাপেই মস্কো।
মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন থেকে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন, সকলের কথাতেই এক সুর। কী বলছেন তাঁরা? জনসনের কথায়, ”রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’টি ভুল করে ফেলেছেন। তিনি ইউক্রেনের প্রতিরোধের শক্তি বুঝে উঠতে পারেননি। পাশাপাশি তিনি পশ্চিমি একতা সম্পর্কেও হিসেবে ভুল করেছেন।”
রুশ প্রেসিডেন্টকে একহাত নিয়ে তিনি বলেন, ”যদি পুতিন ভেবে থাকেন তিনি যা করবেন, তা থেকে ন্যাটোকে দূরে সরিয়ে রাখতে পারবেন, তাহলে তিনি একেবারেই ভুল ভাবছেন।” তাঁর মতে, এর ফলে ন্যাটোর শক্তিই এতে বাড়বে। এবং কোনও ভাবে সেই শক্তি কমার সম্ভাবনা নেই। পাশাপাশি, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কার করার দাবিও তুলেছে ব্রিটেন।
এদিকে ব্রিটেনের পাশাপাশি আমেরিকাও রাশিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন দাবি জানিয়েছেন, রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ থেকেও বাদ দেওয়া হোক রাশিয়াকে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে এমনটা জানা গিয়েছে।