আন্তর্জাতিক ডেস্ক : দেশের নাগরিকরা এখন আর ১০ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা নিয়ে রাশিয়া ত্যাগ করতে পারবেন না। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক ডিক্রি জারি করেছেন। আজ বুধবার থেকে এ নির্দেশ কার্যকর হবে। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় রুবলের দাম কমে যাওয়ার পর এ ঘোষণা এলো।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার পর এবার যুক্তরাষ্ট্রের আকাশ বন্ধ হচ্ছে রাশিয়ার জন্য। যুক্তরাষ্ট্র তার আকাশে সব ধরনের রুশ ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
বাইডেন বলেন, 'এই নতুন নিষেধাজ্ঞা রাশিয়াকে আরও একা করে ফেলবে এবং দেশটির অর্থনীতিকে আরও দুর্বল করে তুলবে।' ইতোমধ্যে ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের দাম ৩০ শতাংশ কমে গেছে ও দেশটির পুঁজিবাজার ৪০ শতাংশ লোকসান করেছে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি 'ইউক্রেনের জনগণের কঠোর মনোবল থেকে উদ্দীপনা নিতে' যুক্তরাষ্ট্রে জনগণের প্রতি আহ্বান জানান। সূত্র : বিবিসি