আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমি আইকনিক নই, আমি মনে করি ইউক্রেন আইকনিক। রয়টার্স ও সিএনএনের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি গত কয়েক দিনে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরেন।
জেলেনস্কি বলেন, আজকের সংকট 'খুব গুরুতর' এবং এটি কোনো চলচ্চিত্র নয়। ইউক্রেন ইউরোপের হৃদয়। আমি মনে করি ইউরোপ এখন ইউক্রেনকে নিয়ে এই বিশ্বের জন্য বিশেষ কিছু দেখতে পাচ্ছে। আর এ কারণেই বিশ্ব এই বিশেষ কিছু হারাতে পারে না। যুদ্ধবিরতির বিষয়ে দ্বিতীয় দফা আলোচনা শুরুর আগে রাশিয়াকে অবশ্যই ইউক্রেনের শহরে বোমা হামলা বন্ধ করতে হবে। কারণ, চলতি সপ্তাহে প্রথম দফার আলোচনায় খুব কম অগ্রগতি হয়েছে।
রাশিয়ার সঙ্গে আরও আলোচনার শর্ত তুলে ধরে জেলেনস্কি রয়টার্স ও সিএনএনকে এক যৌথ সাক্ষাৎকারে বলেন, অন্তত মানুষের ওপর বোমা হামলা বন্ধ করে তারপর আলোচনার টেবিলে বসা দরকার। এর আগে, বেলারুশে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধি দলের মধ্যে গত সোমবার যুদ্ধবিরতি নিয়ে প্রথম আলোচনা হয়। তবে ওই আলোচনায় কোনো সিদ্ধান্ত আসেনি।