শুক্রবার, ০৪ মার্চ, ২০২২, ১০:২৯:৪৫

এবার ইউক্রেনে কার্গো জাহাজে হামলা, জাহাজটি সমুদ্রের পানিতে ডুবে গেছে

এবার ইউক্রেনে কার্গো জাহাজে হামলা, জাহাজটি সমুদ্রের পানিতে ডুবে গেছে

আন্তর্জাতিক ডেস্ক : তবে কী রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে? এদিকে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার মধ্যে পূর্ব ইউরোপের এই দেশটির একটি বন্দরে ফের কার্গো জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহাজটি সমুদ্রের পানিতে ডুবে গেছে। কৃষ্ণসাগর তীরবর্তী ইউক্রেনের অন্যতম বৃহত্তম বন্দর ওডিসায় এই ঘটনা ঘটে।

ওডিসা বন্দরে জাহাজে বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের আরেক বন্দর অলিভিয়াতে অবস্থানরত বাংলাদেশি একটি জাহাজে বোমা বা মিসাইল হামলার ঘটনা ঘটে এবং এতে একজন নিহত হন। বৃহস্পতিবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের ওডিসা বন্দরে বিস্ফোরণের পর ডুবে যাওয়া কার্গো জাহাজটি এস্তোনিয়ার মালিকানাধীন এবং এর নাম হেল্ট। বিবিসি বলছে, বিস্ফোরণের সময় জাহাজটিতে ছয় জন ক্রু অবস্থান করছিলেন এবং ডুবে যাওয়ার আগে তারা সবাই জাহাজটি থেকে বেরিয়ে আসেন।

অবশ্য হেল্ট জাহাজটি ডুবে গেলেও ক্রুদের সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। হেল্ট নামের এস্তোনিয়ার এই জাহাজটি বেশ কিছু দিন আগে ওডিসা বন্দর ছাড়ার পর উপকূলে নোঙর করা অবস্থায় ছিল।

তবে তালিন-ভিত্তিক ভিস্তা শিপিং এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক ইগোর ইলভেস বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এবং এস্তোনিয়ার মালিকানাধীন হেল্ট নামের এই কার্গো জাহাজের দুই ক্রুকে সাগরে ভাসমান অবস্থায় পাওয়া যায় এবং অন্য চারজনের খোঁজ পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘জাহাজটি পুরোপুরি ডুবে গেছে। এছাড়া দু’জন ক্রুকে পানির ওপরে একটি ভেলায় ভাসমান অবস্থায় পাওয়া যায় এবং চারজন এখনও নিখোঁজ রয়েছেন। আমি জানি না তারা এখন কোথায় আছেন।’

ইগোর ইলভেসের ধারণা, জাহাজটিতে মাইন আঘাত করে থাকতে পারে। তার ভাষায়, ‘এটি অনেক বড় সমস্যা। তাদেরকে (জাহাজের ক্রু) কেউই সাহায্য করতে পারছে না। ইউক্রেনের কর্মকর্তারাও সেখানে যেতে পারছেন না, কারণ এই সাগর রাশিয়ার নিয়ন্ত্রণে।’ ইলভেস বলেন, জাহাজের ছয় জন ক্রুর মধ্যে চারজন ইউক্রেনের নাগরিক, একজন করে রুশ ও বেলারুশের নাগরিক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে