আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন সংকট মেটানোর জন্য বারবার কূটনৈতিক পথে আলোচনার চেষ্টা করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি আবার ফোন করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। বৃহস্পতিবার (৩ মার্চ) হওয়া এই ফোনালাপে দেড় ঘণ্টা ধরে দুই নেতার মধ্যে কথা হয়েছে।
এরপর প্রেসিনডেন্ট ম্যাক্রোঁর ঘনিষ্ট সূত্রকে উদ্ধৃত করে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ফোনে কথা বলার পর ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, প্রেসিডেন্ট পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান। রুশ প্রেসিডেন্ট নিজেও বলেছেন, তিনি ইউক্রেনকে নব্য-নাৎসিদের হাত থেকে বাঁচাতে শেষপর্যন্ত যাবেন।
ইমানুয়েল ম্যাক্রোঁর মতে, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলে তার মনে হয়েছে, আরও ভয়ংকর সময় আসছে। তার জন্য প্রস্তুত থাকা দরকার। পুতিনও জানিয়ে দিয়েছেন, তাদের অভিযান পরিকল্পনা অনুযায়ীই চলছে। তিনি নব্য-নাৎসিদের হাত থেকে পুরো ইউক্রেনকে মুক্ত করতে চান। তিনি মনে করেন, ইউক্রেন ও রাশিয়ার মানুষের মধ্যে কোনো ফারাক নেই।
পরে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছেন, ‘ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা থামাতে রাজি নন। কিন্তু মানবিক বিপর্যয় রোধ করতে আলোচনা দরকার। আমি সেই প্রয়াস চালিয়ে যাবো। আমাদের আরও ভয়ংকর পরিণতি এড়িয়ে যেতে হবে।’ পুতিনকে ম্যাক্রোঁ বলেছেন, তিনি নিজের কাছেই মিথ্যা কথা বলছেন এবং একটা বড় ভুল করছেন।
ফরাসি প্রেসিডেন্টের এক সহযোগী সংবাদসংস্থাকে বলেছেন, ‘আপনারা বুঝতে পারছেন, কোন পর্যায়ে গেলে একজন প্রেসিডেন্ট আরেকজন প্রেসিডেন্টকে বলতে পারেন, আপনি মিথ্যা কথা বলছেন। প্রেসিডেন্ট পুতিন এমন কোনো কথা বলেননি, যাতে আমরা আশ্বস্ত হতে পারি। তিনি সেনা অভিযান চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।’ ম্যাক্রোঁ বলেছেন, রাশিয়াকে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার মধ্যে থাকতে হবে। সূত্র : রয়টার্স