আন্তর্জাতিক ডেস্ক : আজ শনিবার, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের দশম দিন। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই অভিযান শুরু হয়। বিগত নয় দিনে দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।
পুতিনের এই অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমেরিকা, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব দেশ ছাড়াও অন্যান্য অনেক রাষ্ট্র। এর মধ্যে অনেক রাষ্ট্র নানা ধরনের নিষেধাজ্ঞাও আরোপ করেছে রাশিয়ার ওপর।
তবে এর মধ্যেই ভিন্ন চিত্র দেখা গেল খোদ দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ সার্বিয়ায়। সেখানে ইউক্রেন যুদ্ধে পুতিনের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে বিশাল মিছিল ও র্যালি। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে এই মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় কয়েক হাজার মানুষ। র্যালিতে অংশ নিতে বেলগ্রেডে রুশ সম্রাট দ্বিতীয় নিকোলাসের স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে জড়ো হয় হাজার হাজার মানুষ। সেখানে প্রথমে রুশ ও সার্বিয়ান জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় র্যালিতে অংশগ্রহণকারীরা এদুটি দেশকে পরস্পর ভাই হিসেবে উল্লেখ করেন।
র্যালিতে রাশিয়ার পতাকা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবিসহ প্ল্যাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা। তারা শহর প্রদক্ষিণ করে রুশ দূতাবাসের দিকে মিছিল নিয়ে যায়। সূত্র: বিবিসি