শনিবার, ০৫ মার্চ, ২০২২, ১২:৩০:৫৫

ইউক্রেনের অনুরোধ কর্ণপাত না করায় ন্যাটোকে তুলোধুনো করলেন জেলেনস্কি

ইউক্রেনের অনুরোধ কর্ণপাত না করায় ন্যাটোকে তুলোধুনো করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হামলা বাধাগ্রস্ত করতে ইউক্রেনের আকাশসীমাকে ‘নো ফ্লাই জোন’ হিসেবে ঘোষণা করতে ন্যাটোকে অনুরোধ করেছিল কিয়েভ, কিন্তু ন্যাটো তাতে কর্ণপাত না করায় পশ্চিমা দেশগুলোর এই সামরিক জোটের কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি।

শুক্রবার কিয়েভে নিজ কার্যালয় থেকে দেওয়া এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ‘ন্যাটোর সব সদস্যরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো শত্রুর পরিকল্পনা সম্পর্কে বেশ ভালোভাবেই সচেতন। তারা নিশ্চিত যে, রাশিয়া তার আক্রমণাত্মক কর্মকাণ্ড জারি রাখবে। কিন্তু ন্যাটো ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের আকাশকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা থেকে বিরত থাকছে। ন্যাটোর সদস্যদের ধারণা, এই ঘোষণা দিলে রাশিয়াকে ন্যাটোর বিরুদ্ধে আগ্রাসন শুরু করার উস্কানি দেওয়া হবে।’

জেলেনস্কি বলেন, দুর্বল ও নিরপত্তাহীনতায় যারা ভোগে, তারা অনেকসময় নিজেদের স্বান্ত্বনা দেওয়ার জন্য এক প্রকার সম্মোহনমূলক ধারণা তৈরি করে; ন্যাটোও তাই করছে। অথচ এই জোট আমাদের চেয়ে অনেকগুণ বেশি শক্তিশালী। শুক্রবার ন্যাটোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল একটি দুর্বল, বিভ্রান্ত বৈঠক। এটি ছিল এমন এক বৈঠক, যা বুঝিয়ে দিয়েছে— ন্যাটোর সব সদস্য ইউরোপের স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় না।

ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করে ইউক্রেন এবং এই ব্যাপারটিকে ঘিরে দ্বন্দ্ব শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ন্যাটোকে তিরস্কার করে ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ‘আজ থেকে ইউক্রেনে যত মানুষ মারা যাবে, তারা মরবে আপনাদের কারণে। আপনাদের দুর্বলতা ও বিচ্ছিন্নতার কারণে এবং মনে রাখবেন, যদি ইউক্রেনের পতন হয়, গোটা ইউরোপের পতন হতেও বেশি দিন বাকি নেই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে