আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হামলার মুখে মাটি আঁকড়ে পড়ে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। যদিও তিনি একা নন, পাশে রয়েছেন স্ত্রী ওলেনা জেলেনস্কাও। ছোটবেলা থেকেই একে অপরকে চিনতেন তারা। ক্রিভি রিহ শহরে একসঙ্গেই বড় হয়েছেন ভোলোদিমির ও ওলেনা। কয়েক সপ্তাহের ছোট-বড় তারা।
স্কুলে পড়ার সময় থেকেই বন্ধুত্ব ছিল তাদের। পরে বিশ্ববিদ্যালয়ের সময় প্রেম হয় দুই বন্ধুর। আট বছর প্রেম ও সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়ে ২০০৩ সালে ওলেনার সঙ্গে বিয়ে হয় জেলেনস্কির। পরে তারা কিয়েভে চলে যান। জেলেনস্কি ছিলেন কৌতুক অভিনেতা৷ ২০১০ সালে 'সার্ভেন্ট অফ দ্য পিপল' নামে টিভি সিরিজে অভিনয় করে ইউক্রেনে জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন৷
ঘটনাচক্রে ওই জনপ্রিয় টিভি সিরিজেও একজন হাইস্কুল শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন ভোলোডিমির জেলেনস্কি৷ চিত্রনাট্য অনুযায়ী, যিনি রাজনীতিবিদদের দুর্নীতিতে বিরক্ত হয়ে নিজেই একসময় দেশের প্রেসিডেন্ট হয়ে ওঠেন। সাধারণত বাস্তবের কোনও ঘটনা অবলম্বনে সিনেমা বা টিভি সিরিজের গল্প লেখা হয়৷ কিন্তু জেলেনস্কির ক্ষেত্রে হয় উল্টো৷ কারণ প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছনোর কয়েক বছরের মধ্যে সত্যি সত্যিই তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হন৷
এখন তিনি গোটা বিশ্বের কাছে পরিচিত এক মুখ। ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কাও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন দেশবাসীকে, নিজের 'সহযোদ্ধা'দের। পোস্ট করলেন এমন এক ছবি, যা দেখে চোখে জল এল গোটা দুনিয়ার। তিনি ইউক্রেনবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। পরস্পরের পাশে দাঁড়ানোর জন্য। দুই সন্তান রয়েছে তাদের। শুধুই ইউক্রেনের ফার্স্ট লেডি নন, ওলেনা পেশায় আইনজীবী। বিভিন্ন মানবাধিকার বিষয় নিয়ে আন্দোলন গড়ে তোলেন। এমনকী ইউক্রেনের কূটনীতির বিষয়েও কাজ করে থাকেন।