শনিবার, ০৫ মার্চ, ২০২২, ০১:৪৮:১৩

মাঝ আকাশে বিপত্তি, প্রবল ঝাকুনি দিয়ে নির্দিষ্ট উচ্চতা থেকে নেমে এলো মমতা ব্যানার্জীর বিমান!

মাঝ আকাশে বিপত্তি, প্রবল ঝাকুনি দিয়ে নির্দিষ্ট উচ্চতা থেকে নেমে এলো মমতা ব্যানার্জীর বিমান!

আন্তর্জাতিক ডেস্ক : মাঝ আকাশে হঠাৎ দুর্বিপাকে পড়ল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিমান। শুক্রবার বারাণসী থেকে ফেরার সময় কলকাতায় নামার কিছুটা আগে এই ঘটনা। আকস্মিক এই দুর্যোগে এক লহমায় মুখ্যমন্ত্রীর ছোট বেসরকারি ভাড়া নেওয়া বিমানটি সাত হাজার ফুট থেকে দুই হাজার ফুটে নেমে আসে। সেই সঙ্গে টালমাটালও করতে থাকে। 

এই ঘটনায় মমতার কোমরে জোর ব্যথা লাগে। আগে থেকেই তার কোমরে ব্যথা ছিল। ফলে কষ্ট বাড়ে। রাজ্য সরকারের ভাড়া করা ফ্যালকন বিমানে ইদানীং প্রয়োজনে মুখ্যমন্ত্রী যাতায়াত করেন। তবে এদিন যে বিমানটিতে তিনি চড়েছিলেন, নির্দিষ্ট ভাবে সেই বিমানটিতে তিনি এর আগে সফর করেননি। ঘটনাচক্রে বিমানের দুই পাইলট ছিলেন বাবা ও মেয়ে। দুর্যোগ কাটার মিনিট চারেক পরে মুখ্যমন্ত্রীর বিমানটি কলকাতার মাটিতে অবতরণ করেন।

এদিন আকাশ ছিল যথেষ্ট পরিষ্কার। মেঘ, বৃষ্টি, ঝড় ছিল না। তবে বিমানবন্দর সূত্রের খবর, বিমানটি আচমকা একটি ঝঞ্ঝার মুখোমুখি হতে যাচ্ছে দেখে পাইলট অত্যন্ত দ্রুততায় উচ্চতা প্রায় পাঁচ হাজার ফুট নামিয়ে দেন। তাতেই প্রবল ঝাঁকুনি ও উথালপাথাল। বিমানের মধ্যে মুখ্যমন্ত্রী ও তার সহযাত্রীরা অবশ্য জানতে পেরেছিলেন, তাদের বিমানের সামনে অন্য একটি বড় বিমান এসে পড়ে। সেটিই হল বিপত্তির কারণ।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন বলেই জানা গিয়েছে। আচমকা ঝাকুনিতে পিঠে ও কোমরে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সময়ে বিমানে থাকা সবাই সুস্থ রয়েছেন বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে আচমকা এহেন ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানের মধ্যে। কেন এই ধরণের ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, এই ঘটনায় বিমানটির পাইলট লিখিত রিপোর্ট জমা দিয়েছেন। বিমানবন্দর সূত্রের খবর, তিনি জানিয়েছেন, কলকাতা বিমানবন্দর থেকে ৫০ কিলোমিটার উত্তর পশ্চিম আকাশে যখন সাত হাজার ফুট উচ্চতা থেকে ছয় হাজার ফুটে নামছিলেন, আচমকাই সামনে ঝঞ্ঝাপূর্ণ মেঘ দেখতে পান। সে কথা তিনি কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে জানান। এটিসি তাকে দুই হাজার ফুট উচ্চতায় নেমে আসতে বলে। তিনি সেই মতো নেমে আসেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে