শনিবার, ০৫ মার্চ, ২০২২, ০৪:১৯:৪৫

যে কারণে কিয়েভের উত্তরে রাশিয়ার সেনাবহর থমকে রয়েছে

যে কারণে কিয়েভের উত্তরে রাশিয়ার সেনাবহর থমকে রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী কিয়েভ নিয়ন্ত্রণে নেওয়া রুশ বাহিনীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে রুশ সেনারা সাঁজোয়া যানের ৬০ কিলোমিটার দীর্ঘ একটি বহর নিয়ে কিয়েভের উদ্দেশে যাচ্ছিলেন কিন্তু তিন দিন ধরে কিয়েভের উত্তরে এই বহরটি পথে থমকে আছে। পরাশক্তি হিসেবে বিবেচিত রাশিয়ার সেনাবহর ইউক্রেনে যুদ্ধ শুরুর পর কেন শম্বুক গতিতে চলছে, তা নিয়ে জল্পনা চলছে। 

তবে রাশিয়া এখন পর্যন্ত এ নিয়ে কিছু জানায়নি। বেলারুশ সীমান্তবর্তী ইউক্রেনের চেরনোবিলের নিকটবর্তী একটি শহর প্রিবিরস্ক। রাশিয়ার সেনাবহর প্রিবিরস্ক থেকে আন্তোনভ বিমানবন্দর পর্যন্ত অগ্রসর হয়েছে। সাম্প্রতিক দিনগুলোয় এলাকাটি মেঘলা থাকায় সেনাবহরের সর্বশেষ অবস্থান চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। ৩ মার্চ যুক্তরাজ্যের প্রতিরক্ষা গোয়েন্দারা দাবি করেন, গত তিন দিনে রুশ সেনাবহরটি বেশি দূর এগোতে পারেনি। 

পরদিন যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, বহরটি কিয়েভ থেকে ২৫ কিলোমিটার দূরে রয়েছে। ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ার সেনাবহর থমকে থাকার সবচেয়ে বড় কারণ যুদ্ধ সরঞ্জামের ঘাটতি। রাশিয়ার সামরিক বাহিনীর জ্বালানি, প্রকৌশল ও যুদ্ধের জন্য অন্যান্য রসদ সরবরাহের দায়িত্বে থাকা ইউনিট সংকটে পড়েছে। ওই ইউনিট ইউক্রেন অভিযানে অংশ নেওয়া যোদ্ধাদের চাহিদা মতো রসদ ও যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করতে পারছে না। 

এ কারণে কিয়েভের উদ্দেশে রওনা হওয়ার পর কয়েক দিন ধরে রুশ বহরটি পথে থমকে রয়েছে। রাশিয়ার কোনো আর্টিলারি ইউনিট দিনে ৪ হাজার গোলাবর্ষণ করলে প্রতিদিন নতুন করে ওই ইউনিটের ৫০টি ট্রাকের প্রয়োজন পড়ে। রাশিয়া যেখান থেকে এসব সরঞ্জাম পাঠাবে, সেখান থেকে সেনাবহরের বর্তমান অবস্থানের দূরত্ব ৯০ মাইলের বেশি। এতে বিপাকে পড়েছে রুশ সেনাবাহিনী। তবে এরপরও ইউক্রেনের দক্ষিণাঞ্চলে দ্রুত অগ্রগতি করছেন রুশ সেনারা। সূত্র : বিবিসি 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে