শনিবার, ০৫ মার্চ, ২০২২, ০৫:১৮:১৫

দক্ষিণ চীন সাগরে নতুন করে উত্তেজনা বাড়ালো বেইজিং

দক্ষিণ চীন সাগরে নতুন করে উত্তেজনা বাড়ালো বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সেনার হামলা ঘিরে অশান্তির আঁচ লেগেছে বিশ্বজুড়ে। তারই মধ্যে দক্ষিণ চীন সাগরে নতুন করে উত্তেজনা তৈরি করলো বেইজিং। ভিয়েতনামের উপকূলে নতুন করে নৌসেনার মহড়া শুরু করার কথা শনিবার ঘোষণা করেছে চীনের ‘পিপলস লিবারেশন আর্মি’ (পিএলএ)। ওই এলাকায় বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধের ফরমানও জারি করা হয়েছে।

ভিয়েতনাম সরকার সূত্রের খবর, চীনের হেনান প্রদেশের সানিয়া নৌঁঘাটিতে মোতায়েন বাহিনী এই নৌ-মহড়ায় অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। বিতর্কিত ওই জলপথের উপর চীনা ফৌজ কৃত্রিম দ্বীপ তৈরি করেছে বলেও আগেই খবর মিলেছিল। তবে হেনানের ‘মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশন’ একে ‘রুটিন অনুশীলন’ বলে জানিয়ে বলেছে, আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে ওই নৌ-মহড়া।

দক্ষিণ চীন সাগর নিয়ে প্রতিবেশী দেশগুলির সঙ্গে চীনের বিরোধ নতুন নয়। এর আগেও ওই এলাকায় এমন একতরফা পদক্ষেপ করেছে চীন। তা নিয়ে দীর্ঘ দিন ধরেই অসন্তোষ জানিয়ে আসছে ওই সাগরের আশপাশে থাকা দেশগুলি। আমেরিকাসহ পশ্চিমী দেশগুলির অভিযোগ, ওই সাগরকে নিজেদের ‘সাম্রাজ্য’ হিসাবে ব্যবহার করছে বেইজিং।

চীনা নৌবাহিনীর মহড়ার স্থান ভিয়েতনাম উপকূলের হুয়ে শহর ২০০ নটিক্যাল মাইল দূরে। চীনা সামরিক তৎপরতা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে ভিয়েতনাম সরকার। চীন একে ‘রুটিন অনুশীলন’ বলে জানালেও নিজেদের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে চীনা নৌসেনার এই মহড়াকে ‘ভিয়েতনামের সার্বভৌমত্ব লঙ্ঘন’ বলে অভিযোগ তুলেছে সে দেশের সংবাদমাধ্যম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে