আন্তর্জাতিক ডেস্ক : জন্মের আগে থেকে সন্তানের সঙ্গে যদি পৃথিবীর কোনও মানুষের সম্পর্ক হয়, সেটা মায়ের সম্পর্ক। নাড়ির এই টান সারা জীবনের সম্পদ। সন্তানের সুবিধা-অসুবিধা সবার আগে যেন বুঝে যান মা। বড় নিঃস্বার্থ এই ভালবাসা। যা দেখা গেল ভারতের বিশাখাপত্তনম বিমানবন্দরে। যু'দ্ধবি'ধ্ব'স্ত ইউক্রেন থেকে ফিরেছেন মেয়ে। দেখা মাত্রই খেতে বসিয়ে দিলেন মা।
বিমানবন্দরের বাইরের রাস্তাতেই সাজিয়ে দিলেন প্রিয় খাবার। অনেক ভারতীয় শিক্ষার্থীরা ইউক্রেনে আটকে রয়েছেন। এদের দলেই ছিলেন বিশাখাপত্তনমের ছাত্রী তেজস্বিনী। ইউক্রেনের অবস্থা জানতে পেরেই নাওয়া-খাওয়া ভুলেছিলেন তেজস্বিনীর মা রমা লক্ষ্মী। মেয়েটা যে কীভাবে আছে? কে জানে কিছু খেতে পেয়েছে কিনা? আবার দেখতে পাবেন তো আত্মজার মুখটা? এমনই নানা প্রশ্ন ছিল তার মনে। ঈশ্বরের কাছে হত্যে দিয়ে পড়ে ছিলেন রমা। মেয়ে যাতে সুস্থ-সবলভাবে ফিরে আসে সেই কামনাই করছিলেন।
তার প্রার্থনা সফল হয়েছে। ভারত সরকারের সাহায্যেই দেশে ফিরেছেন তেজস্বিনী। মেয়েকে দেখা মাত্রই আবেগের স্রোতে ভেসে যান রমা। বাড়িতে ফেরার অপেক্ষায় থাকেননি তিনি। বিমানবন্দরের সামনেই মেয়েকে বসিয়ে সামনে সাজিয়ে দেন তার প্রিয় খাবার। এই খাবারের সঙ্গেই সঙ্গেই যেন নিজের সমস্ত ভালবাসা উজার করে দিয়েছেন রমা লক্ষ্মী। মা-মেয়ের এই ভালবাসার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যা দেখে আবেগঘন নেটিজেনরা।