আন্তর্জাতিক ডেস্ক : চলমান যুদ্ধ পরিস্থিতিতে একাধিকবার ভারতের সাথে যোগাযোগ করেছে ইউক্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আরজি জানিয়েছে যাতে তিনি রাশিয়াকে যুদ্ধ থামাতে অনুরোধ করেন। এমন পরিস্থিতি আজ অর্থাৎ সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কিকে ফোন করতে চলেছেন নরেন্দ্র মোদি। যা যুদ্ধ পরিস্থিতিতে দ্বিতীয়বার। কথা বলবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও।
সংঘর্ষ থামাতে আজই তৃতীয়বারের জন্য বৈঠকে বসতে চলেছে ইউক্রেন-রাশিয়া। তার আগে ভারতীয় প্রধানমন্ত্রী এই ফোন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। গত ১২ দিন যাবৎ দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। যার মাঝে পরে প্রাণ যাচ্ছে আমজনতার। এদিকে ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছিলেন বহু ভারতীয় শিক্ষার্থী। আদৌও বাড়ি ফিরতে পারবেন না কিনা তা নিয়ে নিশ্চিত ছিলেন না তারা। এই পরিস্থিতিতে তাদের দেশে ফেরাতে রাশিয়া এবং ইউক্রেন দু’দেশের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। শেষপর্যন্ত পড়শি দেশের সীমান্ত থেকে বিমানসেনার বিমানে চাপিয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় তাদের। সোমবারও ‘অপারেশন গঙ্গা’র একটি বিমান আসবে দেশে।
ভারত সরকারের তরফে জানানো হয়েছে, ইউক্রেন থেকে প্রায় সকল ভারতীয়কেই ফেরানো হয়েছে। সুমি সীমান্তে কয়েকজন আটকে রয়েছেন, তাদেরও ফেরানো হবে দ্রুত। ইতিমধ্যে অপারেশন গঙ্গার শেষ বিমানের সূচিও ঘোষিত হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করতে চলেছেন মোদি। বস্তুত এর আগেও একাধিকবার যুদ্ধ বন্ধে ভারতের সাহায্য চেয়েছে ইউক্রেন। খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস