আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ যুদ্ধ চলছে পরাশক্তি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই পক্ষই। এদিকে পোপ ফ্রান্সিস রবিবার ইউক্রেনে চলতে থাকা রুশ আক্রমণের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। এই অভিযানকে বোঝানোর জন্য রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ব্যবহার করা "বিশেষ সামরিক অভিযান" শব্দটি প্রত্যাখ্যান করেছেন তিনি এবং তাকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে সমবেত জনতার উদ্দেশ্যে তাঁর সাপ্তাহিক ভাষণে পোপ বলেন যে এটি কেবল একটি সামরিক অভিযান নয় বরং একটি যুদ্ধ যা "মৃত্যু, ধ্বংস এবং দুর্দশার বীজ বপন করে"।
তিনি বলেন, "ইউক্রেনে রক্ত ও অশ্রুর নদী প্রবাহিত হচ্ছে। এটি শুধু একটি সামরিক অভিযান নয় বরং একটি যুদ্ধ যা মৃত্যু, ধ্বংস এবং দুর্দশার বীজ বপন করে"। পোপ আরও বলেন, "সেই শহীদ দেশে প্রতি ঘন্টায় মানবিক সহায়তার প্রয়োজনীয়তা বাড়ছে।" "যুদ্ধ হল পাগলামি! থামুন, দয়া করে! এই নিষ্ঠুরতা দেখুন," তিনি যোগ করেছেন।
পোপ বলেন, "হলি সি শান্তির সেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্য সবকিছু করতে ইচ্ছুক।" তিনি আরও বলেন যে দুজন রোমান ক্যাথলিক কার্ডিনাল অভাবীদের সাহায্য করার জন্য ইউক্রেনে গিয়েছিলেন।