আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত মুকুল আর্য মারা গিয়েছেন। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোববার ভারতীয় দূতাবাসের ভিতরে মুকুল আর্যকে মৃত অবস্থায় পাওয়া যায়। মুকুল প্যালেস্তাইনের রামাল্লা শহরে ভারতীয় দূতাবাসে নিযুক্ত ছিলেন।
বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে তিনি লিখেছেন, ‘রামাল্লায় ভারতের প্রতিনিধি মুকুল আর্যের মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। তিনি একজন উজ্জ্বল এবং মেধাবী অফিসার ছিলেন। ভবিষ্যতে তার জন্য অনেক কিছু অপেক্ষা করে ছিল। তার পরিবার এবং প্রিয়জনের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।’ এদিকে রোববার প্যালেস্তাইনের শীর্ষ নেতৃত্বও মুকুল আর্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
প্যালেস্তাইনের বিদেশ মন্ত্রণালয় বলেছে যে তারা রাষ্ট্রদূত আর্যর মৃত্যুর খবরে ‘খুব আশ্চর্য হয়েছেন এবং তারা স্তম্ভিত।’ প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বেদনাদায়ক খবরটি আসার সাথে সাথে রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস এবং প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ নির্দেশ দেন যাতে স্বাস্থ্য ও ফরেনসিক মেডিসিন মন্ত্রনালয়, পুলিশ এবং সরকারী কর্তৃপক্ষ অবিলম্বে এই ঘটনা খতিয়ে দেখে আর্যর মৃত্যুর কারণ জানতে পারে। ভারতীয় রাষ্ট্রদূতের মৃত্যুর ঘটনার উপর তীক্ষ্ণ নজর রাখা হয়েছে। এই ধরনের কঠিন এবং জরুরি পরিস্থিতিতে যা যা করা প্রয়োজন তা করতে সমস্ত পক্ষ সম্পূর্ণরূপে প্রস্তুত।’
২০০৮ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসের পরীক্ষায় পাশ করে ভারতের বিদেশ মন্ত্রলায়ের কাজে যোগ দেন মুকুল আর্য। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন। প্যালেস্তাইনে যাওয়ার আগে তিনি কাবুল ও মস্কোয় ভারতীয় দূতাবাসেও কাজ করেছিলেন। এছাড়া প্যারিসে ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি হিসাবেও কাজ করেছিলেন। দিল্লিতে বিদেশ মন্ত্রনালয়ের সদর দপ্তরেও কিছুদিন কাজ করেছিলেন মুকুল। সূত্র : হিন্দুস্তান টাইমস