আন্তর্জাতিক ডেস্ক : তুমুল যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। শক্ত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনও। এমন পরিস্থিতিতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ‘মধ্যস্থতা’ করতে ইচ্ছুক বলে ইঙ্গিত দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার (৭ মার্চ) বার্ষিক সংবাদ সম্মেলনে মস্কো প্রতিবেশী দেশে হামলা শুরু করার পর এই প্রথম মধ্যস্থতা করার ইঙ্গিত দিলেন তিনি।
ওয়াং ই বলেন, শান্তি আলোচনার অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা রাখতে এবং প্রয়োজনীয় মধ্যস্থতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। তবে চীনের ভূমিকা কী হতে পারে বা দেশটি সম্ভাব্য সম্পৃক্ততা কী পর্যায়ে হতে পারে, সে বিষয়ে বিশদ বিবরণ দেননি ওয়াং।
রাশিয়া ও চীনের মধ্যে বন্ধুত্ব ‘পাথরের মতো শক্ত’ বলেও ওয়াং পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এ সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর একটি। ওয়াং বলেন, চীন-রাশিয়া সম্পর্কের উন্নতিতে একটি সুস্পষ্ট ঐতিহাসিক যুক্তি এবং শক্তিশালী অভ্যন্তরীণ চালিকাশক্তি রয়েছে। দুই দেশের বন্ধুত্ব পাথরের মতো শক্ত এবং দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনা উজ্জ্বল।
চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যতই বিপজ্জনক হোক না কেন, চীন ও রাশিয়া কৌশলগত লক্ষ্য বজায় রাখবে এবং নতুন যুগের সমন্বিত কৌশলগত অংশীদারিত্বকে তুলে ধরবে। সূত্র : সিএনএন