আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল রোববার বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিহত হলে ‘সরকারব্যবস্থা চালু’ রাখতে পরিকল্পনা নিয়ে রেখেছে দেশটির সরকার। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে তিনি এ কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক জেলেনস্কি ও তার মন্ত্রিসভাকে ‘অবিশ্বাস্যভাবে সাহসী ইউক্রেনীয় জনগণের প্রতীক’ বলে মন্তব্য করেন। রাশিয়ার সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, জেলেনস্কি জোর দিয়েই বলছেন, তিনি এখনো কিয়েভে আছেন। অবশ্য পশ্চিমা কর্মকর্তারা ইতিমধ্যেই তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে।
সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ব্লিঙ্কেন বলেন, ‘ইউক্রেনীয়দের এমন পরিকল্পনা রয়েছে, যা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না বা কোনো বিশদ বিবরণে যাচ্ছি না। তবে এটাকে আমরা অন্যভাবে সরকারের ধারাবাহিকতা হিসেবে বলব। এ নিয়ে আমাকে আর কিছু বলবেন না।’ ব্লিঙ্কেন, প্রেসিডেন্ট জো বাইডেন ও ন্যাটোর দেশগুলো এবং পশ্চিমা নেতারা জেলেনস্কিকে সমর্থনে বার্তা দিচ্ছেন এবং অস্ত্র ও মানবিক সহায়তাও পাঠাচ্ছেন। সূত্র : ডেইলি মেইল