আন্তর্জাতিক ডেস্ক : তুমুল যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এদিকে ইউক্রেনে রুশ সেনাদের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। দেশ দুটি তাদের সামরিক নীতির ভিন্নতার কারণে এতদিন ন্যাটো সামরিক জোটের বাইরে থেকেছে। তবে যুদ্ধের পর থেকে তাদের মতামত যেন বদলে গেছে।
রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের ১ হাজার ৩৪০ কি.মি স্থল সীমান্ত রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অন্য যেকোনো সদস্য রাষ্ট্রের চেয়ে ফিনল্যান্ডের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে রাশিয়ার। ফলে ইউক্রেনের চলমান পরিস্থিতি নিয়ে নিরাপত্তা সংকটে ভুগছে তারা।
চলমান পরিস্থিতে একই হাল সুইডেনের। তাই ফিনল্যান্ড ও সুইডেনের নাগরিকরা ন্যাটোতে যোগ দেওয়ার পক্ষে সমর্থন দিয়েছেন। নতুন এক জরিপে দেখা গেছে, ন্যাটোর সদস্যপদ চেয়েছেন ফিনল্যান্ডের ৫০ শতাংশ মানুষ। যা যুদ্ধের আগে ছিল ২৮ শতাংশ।
অন্যদিকে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য ভোট দিয়েছেন সুইডেনের ৪১ শতাংশ জনগণ। আর ন্যাটোতে যোগ না দেওয়ার জন্য ভোট দেন ৩৫ শতাংশ জনগণ। প্রথমবারের মত যারা জরিপ করেছেন তাদের বেশিরভাগই ন্যাটোতে যোগ দেওয়ার পক্ষে।
সুইডেন ও ফিনল্যান্ডের নাগরিকরা এখন নিরাপত্তা শঙ্কায় ভুগছে। এমন পরিস্থিতিতে তারা ন্যাটোর সদস্যপদ চায়। এদিকে ন্যাটোতে যোগ দিলে সুইডেন ও ফিনল্যান্ডের পরিণতি ইউক্রেনের মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
তিনি বলেন, ন্যাটো একটি সামরিক জোট, দেশ দুটি ন্যাটোতে যোগ দিলে রাশিয়া নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। ফলে গুরুতর সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হবে যার জেরে তার দেশকে ‘বাধ্য হয়েই’ পাল্টা ব্যবস্থা নিতে হবে।