আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে পরাশক্তি রুশ বাহিনী। পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনও। এমন এক পরিস্থিতিতে বড় ঘোষণা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার কাছ থেকে আর তেল ও গ্যাস নেবে না দেশটি। মঙ্গলবার এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কেবল তেল ও গ্যাসই নয়, রাশিয়ার থেকে কোনও রকম জ্বালানিই আর আমদানি করবে না আমেরিকা। রাশিয়াকে অর্থনৈতিক ধাক্কা দিতেই আমেরিকার এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
মস্কোকে কোণঠাসা করতে একগুচ্ছ অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন-সহ একাধিক দেশ। যার জেরে আন্তর্জাতিক বাজারে কাঁপন ধরিয়েছে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি। এর মধ্যেই এমন ঘোষণা আমেরিকার।
আন্তর্জাতিক বাজারে তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় জোগানদাতা রাশিয়া। বিশেষ করে মস্কোর গ্যাস সাপ্লাইয়ের উপর নির্ভরশীল জার্মানির মতো ইউরোপের দেশগুলি। ফলে স্বাভাকিভাবেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ধাক্কা খাচ্ছে তেলের জোগান। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম বাড়ছে। এই পরিস্থিতিতে আমেরিকা জানিয়ে দিল, তারা রাশিয়ার থেকে কোনও জ্বালানি নেবে না। সূত্র: সংবাদ প্রতিদিন