আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে চলমান সামরিক অভিযান বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চান দেশটির প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। এজন্য যদি ক্রিমিয়া দ্বীপ ও সদ্য রুশ স্বীকৃতিপ্রাপ্ত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ভূখণ্ডের দুই দেশ দনেতস্ক ও লুহানস্ক প্রশ্নে আপস করতে হয়, তাতেও রাজি তিনি।
এছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো সম্পর্কে যে ধারণা অতীতে কিয়েভের ছিল, তাতেও কিছুটা পরিবর্তন এসেছে বলে মঙ্গলবার এক সাক্ষাৎকারে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমি আমার দেশ ও জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ক্রিমিয়া ও ডনবাস রিপাবলিকে (দনেতস্ক ও লুহানস্ককে একত্রে ডনবাস রিপাবলিক বলা হয়) রুশদের পাশাপাশি অনেক ইউক্রেনীয় এখনও বসবাস করেন। আমি আমার নিজের দেশ ও জনগণের পাশাপাশি ওই অঞ্চলগুলোতে বসবাসরত ইউক্রেনীয়দের নিয়েও উদ্বিগ্ন। এটা ডনবাস নামের ওই ছদ্ম প্রজতন্ত্রের স্বীকৃতির চেয়েও বেশি গুরুত্ববহ।