আন্তর্জাতিক ডেস্ক : পরিবারের অমতে 'মনের মানুষ'কে বিয়ে করেছেন তামিলনাড়ুর বাসিন্দা জয়াকল্যাণী। মঙ্গলবার তিনি বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনারের কাছে পুলিশি নিরাপত্তা চান। জয়াকল্যাণীর বক্তব্য, তার বাবা প্রভাবশালী, ফলে তার ও তার স্বামীর জীবনের ঝুঁকি রয়েছে। যে কোনও মুহূর্তে খারাপ কিছু ঘটে যেতে পারে।
প্রশ্ন হল, বাবা কে? সে কথা জানার পরে চোখ কপালে উঠেছে বেঙ্গালুরু পুলিশের কর্মকর্তাদের। জয়াকল্যাণীর বাবা হলেন তামিলনাড়ুর মন্ত্রী পি শেখর বাবু। জয়াকল্যাণী নিজে পেশায় চিকিৎসক। ক’দিন আগেই কর্নাটকের রায়চুরের একটি মঠে হিন্দু রীতি মেনে পেশায় ব্যবসায়ী সতীশ কুমারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন।
জয়াকল্যাণীর দাবি, বাবা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তার ও স্বামীর জীবনের ঝুঁকি রয়েছে। তারা আতঙ্কে ভুগছেন। সেই কারণেই মঙ্গলবার বেঙ্গালুরুর এক থানায় হাজির হন তিনি এবং পুলিশি নিরাপত্তার দাবি জানান। মন্ত্রীকন্যা পুলিশকে জানিয়েছেন, সতীশ কুমারের প্রতি তার প্রেমের ব্যাপারে বাবা-মা দু’জনেরই আপত্তি রয়েছে। মাস দু’য়েক আগেও একবার বিয়ে করার চেষ্টা করেছিলেন তারা। সেই সময় পুলিশ সতীশকে গ্রেপ্তার করেছিল। দুই মাসের জন্য হেফাজতে রাখা হয়েছিল তাকে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস