আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের বিরুদ্ধে তুমুল যুদ্ধ শুরু করেছে রুশ সামরিক বাহিনী। ভয়াবহ এক পরিস্থিতি বিরাজ করছে, ইউক্রেনে রাশিয়ার অভিযান কোনোভাবেই থামানো যাচ্ছে না। পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞার পরেও পিছু হটছেন না রুশ প্রেসিডেন্ট। বিশ্ব নেতারাও বিভিন্নভাবে যুদ্ধ থামানোর চেষ্টা চালাচ্ছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একাই ২০ দেশের নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।
মঙ্গলবার (৮ মার্চ) ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য মতে, তুরস্কের রাজধানী আঙ্কারায় স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে এরদোয়ান আরও বলেছেন, ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ বন্ধে সমাধানের পথ তৈরি করতে তুরস্ক জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে বৃহস্পতিবার (১০ মার্চ) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা তুরস্কে একটি বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন।