বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ০১:৫০:১৬

শান্তি আলোচনার জন্য তুরস্কে পৌঁছেছে রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা

শান্তি আলোচনার জন্য তুরস্কে পৌঁছেছে রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য তুরস্কের আন্তালায়া শহরে পৌঁছেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভোসোগলুর আহ্বানে বৃহস্পতিবার শান্তি আলোচনায় অংশ নিচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। এর আগে বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভকেও তুরস্কে প্রবেশ করতে দেখা যায়।

দুই সপ্তাহ আগে ইউক্রেনে রাশিয়া অভিযান শুরু করার পর এই প্রথম তিন পক্ষের কূটনীতিকদের মধ্যে বৈঠক হতে যাচ্ছে। এদিকে, চলমান সামরিক অভিযানে ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করতে পারে রাশিয়া এবং আমাদের সবার সেদিকে নজর রাখা উচিত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মার্কিন জৈব অস্ত্রের ল্যাব এবং ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের উন্নয়ন সম্পর্কে রাশিয়ার দাবি অযৌক্তিক বলেও জানিয়েছে দেশটি।

বুধবার (৯ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি বাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি একথা জানান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইউক্রেনে মার্কিন জৈব অস্ত্রের ল্যাব এবং রাসায়নিক অস্ত্রের উন্নয়ন সম্পর্কে রাশিয়ার এই মিথ্যা দাবিগুলোকে আরও পূর্বপরিকল্পিত, বিনা উস্কানিতে আক্রমণ চালানোর ন্যায্যতা দেওয়ার চেষ্টার একটি ‘স্পষ্ট চাল’ হিসেবেও অভিহিত করেছেন জেন সাকি। সূত্র : বিবিসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে