বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ০৫:১৮:৪৬

উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়ে ফের মুখ্যমন্ত্রী যোগী, ৫ রাজ্যের মধ্যে ৪টিতে বিজেপি সরকার

উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়ে ফের মুখ্যমন্ত্রী যোগী, ৫ রাজ্যের মধ্যে ৪টিতে বিজেপি সরকার

আন্তর্জাতিক ডেস্ক : উত্তরপ্রদেশের রাজনীতিতে যে উল্কার গতিতে যোগীর উত্থান হয়েছে, তাতে এমনিতেই তার ভাবমূর্তি ‘আকাশ ছোয়া’। ফলে যে গোরক্ষপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি পাঁচ-পাঁচবার সাংসদ হয়েছেন, সেখানে যে তিনি জিতবেন, তা নিয়ে কারও কোনও সংশয় ছিল না। যোগীরও নয়। 

এখন প্রশ্ন হল, নিজের বিধানসভা কেন্দ্রে বিপুলতম ব্যবধানে জিতে কি যোগী নিজেকে আরও অপ্রতিরোধ্য করে তুলবেন? তিনি কী ছিলেন, তার উদাহরণ লখনউয়ের ক্ষমতার অলিন্দে কান পাতলেই শোনা যায়। তিনি কী হবেন, সেটাই দেখার। এক সময় মোদির ‘চোখের বালি’ হয়ে গিয়েছিল উত্তরপ্রদেশের সামগ্রিক করোনা চিত্র। গঙ্গার চর ধরে কমলা শালুতে মোড়া মৃতদেহের সারি আর অক্সিজেনের অভাবে ছটফট করে মরা লাশ সিঁদুরে মেঘ দেখিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। 

শোনা যায়, মোদী ২০২২ সালে রাজ্য ভোটের কথা ভেবে ‘ড্যামেজ কন্ট্রোল’ করতেও চেয়েছিলেন। সেই যোগীকেই উত্তরপ্রদেশের জন্য ‘উপযোগী’ বলে প্রকাশ্য মঞ্চে ঘোষণা করতে হয়েছিল খোদ মোদিকেই। দু'টি ঘটনার মধ্যে সময়ের ব্যবধান মাত্র ছয় মাস। উত্তরপ্রদেশের মানুষ বলেন, ‘বাবা অ্যায়সে হি হ্যায়।’ যোগী এ রকমই। প্রাক্ নির্বাচনী সমীকরণ বলছিল, উত্তরপ্রদেশ যোগীর কাছে সবচেয়ে বড় পরীক্ষা। জিতলে ‘সিকান্দার’ তো হবেনই, সরাসরি চ্যালেঞ্জ যাবে বিজেপির শীর্ষস্থানেও। আর হারলে, হয়তো তলিয়েই যাবেন চিরতরে।

তবে সিকান্দারই হতে চলেছেন। সকাল থেকে ভোট গণনায় যে ফলাফল এসেছে তাতে ৪০৩ আসনের উত্তরপ্রদেশে ২৭০ আসনের বেশি পেতে চলেছে বিজেপি। এই যোগী আদিত্যনাথই ২০১৭ সালের বিধানসভার পর সবাইকে টপকে কী ভাবে যে লখনউয়ের তখ্‌তে বসে পড়লেন, তা এখনও রহস্য। কেউ বলেন, আরএসএস-এর চাপ। আবার অনেকে বলেন, তিনি হিন্দুত্বের ‘পোস্টারবয়’। অতএব বিজেপি-র মুখ্যমন্ত্রী পদের জন্য যোগ্যতম। কারণ যাই হোক, গোটা পাঁচ বছর দাপটে রাজ্য চালিয়েছেন আদিত্যনাথ।

১৯৯০ সালে বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছিলেন গোরক্ষপুরের গোরক্ষনাথের মন্দিরে। প্রায় তিন দশক পর সেখান থেকে সোজা লখনউয়ের ৫ নম্বর কালিদাস মার্গে মুখ্যমন্ত্রীর বাসভবন। এই গোটা যাত্রাপথে যোগীর পরিচয়— হিন্দুত্ববাদের প্রবল সমর্থক, কঠোর প্রশাসক, ব্যক্তিগত জীবনে দুর্নীতির লেশমাত্র নেই। উত্তর ভারতের রাজনীতিতে এর চেয়ে জোরাল মিশেল পাওয়া মুশকিল! উত্তরপ্রদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। ভোটের আগে বিরোধিতা গুড়িয়ে দিতে ‘বুলডোজার তত্ত্ব’। গরিষ্ঠের ‘ফায়ার ব্র্যান্ড’ রাজনীতিক হিসেবে রাজ্যের ভিতরে-বাইরে আদিত্যনাথ ছিলেন নির্বিকল্প।

৫ রাজ্যের বিধানসভা ভোটে ৪ রাজ্যে জিতছে বিজেপি আর একটিতে আম আদমি পার্টি। কংগ্রেসের পাঞ্জাব এখন অরবিন্দু কেজরিয়ালের দখলে। ১১৭ আসনের পাঞ্জাবে ৯২টি আসেন জিতে আছে আম আদমি পার্টি। উত্তরাখন্ডে ৭০টি আসনের মধ্যে বিজেপির ঝুলিতে আসছে ৪৭টি আসন। অথ্যাৎ দেবভূমিতেও বিজেপি সরকার। গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াই হলেও এগিয়ে বিজেপি। ৪০টি আসনের গোয়ায় বিজেপি ২০টি, কংগ্রেস ১২টি, অন্যরা ৮টি। মনিপুর রাজ্যে ৬০টি আসনের মধ্যে বিজেপি ৩২টি, কংগ্রেস ৬টি, এনপিপি ৭টি এবং অন্যরা ১৫টি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে