আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন চলছেই। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে কিয়েভের কাছে রুশ সেনাবহরে থাকা সৈন্যদের দেখা গেছে। কিয়েভের আশেপাশের অঞ্চলে পুনরায় মোতায়েন হয়েছে রুশ বাহিনী। আরও নতুন দুটি শহরে হামলার খবর মিলেছে। শুক্রবার (১১ মার্চ) নতুন করে হামলায় আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউক্রেনের জরুরি সেবা সার্ভিস জানিয়েছে, দিনিপ্রোতে আরও একজন মারা গেছে রুশ হামলায়। স্থানীয় সময় সকাল ৬টার দিকে এ হামলা চালানো হয় একটি স্কুল ও দুটি আবাসিক ভবনে। আর ও একটি কারখানায় হামলার পর আগুন লেগে যায়। এছাড়া লুৎস্ক শহরেও হামলা হয়েছে বলে জানা গেছে। জাতিসংঘ বলছে, ইউক্রেন থেকে পালানো মানুষের সংখ্যা ২৩ লাখ ছাড়িয়ে গেছে।
ম্যাক্সার টেকনোলজিস-এর তথ্য মতে, সামরিক বহর শেষবারের মতো আন্তোনভ বিমানবন্দরের উত্তর-পশ্চিমাঞ্চলে দেখা যায়। কিন্তু এখন সেগুলো আশেপাশের শহরে অবস্থান নিয়েছে। এর আগে বৃহস্পতিবার একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় কিয়েভের তিন মাইল বা ৫ কিলোমিটার কাছাকাছি এগিয়ে এসেছে।
রুশ আগ্রাসন শুরু হওয়ার পর এই প্রথম দিনিপ্রো আর লুৎস্ক শহরে হামলার খবর পাওয়া গেলো। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে কিয়েভের মেয়র বলেন, অ'স্ত্র হাতে তুলে নেওয়া বেসামরিক নাগরিকরা রাজধানী শহরের সুরক্ষা দিচ্ছে। উত্তর-পূর্ব দিক থেকে এগিয়ে আসা রাশিয়ান বাহিনী কিয়েভ শহর থেকে ১৫ মাইল দূরে অবস্থান করছেন। সূত্র : বিবিসি