শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ০৩:২৬:৪৩

নতুন করে ইউক্রেনের আরও তিন শহরে রুশ সেনার হামলা

নতুন করে ইউক্রেনের আরও তিন শহরে রুশ সেনার হামলা

আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে ইউক্রেনের তিন শহরে হামলা হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর লুৎস্ক, দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রো ও ইভানো-ফ্রাঙ্কিভস্কে বিস্ফোরণ হয়। এ ঘটনায় লুৎস্ক শহরে দুই ইউক্রেনীয় সেনা এবং দিনিপ্রোর নোভোকোদাৎস্কি এলাকায় একজন নিহত হয়েছেন। 

ইউক্রেনে রুশ হামলা আজ ১৬তম দিনে গড়িয়েছে। এদিন ভোরে প্রথমবারের মতো বিস্ফোরণের কবলে পড়ে লুৎস্ক, দিনিপ্রো ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহর। বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের কয়েকটি শহরে বিমান হামলাজনিত সতর্কসংকেত বেজে উঠেছিল। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা কর্তৃপক্ষ (এসইএস) দিনিপ্রোতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 

তারা বলেছে, সকাল ৬টা ১০ মিনিটের দিকে শহরে তিনটি বিমান হামলা হয়। একটি কিন্ডারগার্টেন ও একটি অ্যাপার্টমেন্ট ভবনে গোলার আঘাত লাগে। বিমান হামলায় একটি জুতার কারখানাতেও আগুন ধরে যায়। আজ লুৎস্ক শহরেও বিমান হামলা হয়েছে। আঞ্চলিক প্রশাসনের প্রধান ইয়ুরি পোগুলিয়াকো বলেছেন, হামলায় দুই ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। 

শহরটির মেয়র স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করেছেন। শহরের একটি বিমানঘাঁটির কাছে এ বিস্ফোরণ হয় বলে নিশ্চিত করেছেন তিনি। এক ফেসবুক পোস্টে লুৎস্ক শহরের মেয়র লিখেছেন, ‘সবাই নিরাপদ আশ্রয়ে থাকুন!’ কোনো ধরনের ছবি, ঠিকানা কিংবা অবস্থান প্রকাশ না করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। ইউক্রেনের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে বিবিসি জানিয়েছে, আজ ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সূত্র : বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে