শুক্রবার, ১১ মার্চ, ২০২২, ০৭:২০:৫৬

অবশেষে রাশিয়া-ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার আলোচনায় ইতিবাচক অগ্রগতি

অবশেষে রাশিয়া-ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার আলোচনায় ইতিবাচক অগ্রগতি

আন্তর্জাতিক ডেস্ক: পরাশক্তি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে তুমুল যুদ্ধ। পাল্টা শক্ত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনের সৈন্যরা। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। অভিযান থেকে সৃষ্ট এ যুদ্ধে এখন পর্যন্ত দু’দেশের সাড়ে ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

কয়েক দফা বৈঠক করেও রাশিয়ার আগ্রাসন ঠেকানো যাচ্ছে না। প্রতিদিনই নতুন নতুন শহরে হামলা করছে রুশ সেনারা। তবে সর্বশেষ বৃহস্পতিবার (১০ মার্চ) তুরস্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার বৈঠকের পর আশার বাণী শোনালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (১১ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে রাশিয়ার মিত্র বেলারুসের নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, রাশিয়া ও ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, আমাদের পক্ষের আলোচনাকারীরা আমাকে জানিয়েছেন কয়েকটি ইতিবাচক পরিবর্তনের বিষয়ে কথা হয়েছে। এ সময় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য ইতিবাচক হতে পারে বলেও মন্তব্যও করেন পুতিন।

এর আগে বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, চলমান সংঘাতের মধ্যে মানবিক ইস্যুতে কাজ করতে সম্মত হয়েছে ইউক্রেন ও রাশিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে