আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। চলছে তুমুল যুদ্ধ। এদিকে উপগ্রহ চিত্রে দেখা গেছে, রাশিয়া কিয়েভের কাছে তাদের সেনাকে নতুন করে সাজিয়েছে। কাছের শহরগুলি ঘিরে ফেলেছে রুশ সেনারা। লুবিয়াঙ্কার কাছে তারা পজিশন নিয়েছে। কাছেই তারা কামান নিয়ে গেছে। কিছু সাঁজোয়া যান অ্যান্টোনভ বিমানবন্দরের উত্তরে গেছে এবং কিছু যান কাছের জঙ্গলে ঢুকেছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছিলেন, রাশিয়ার সেনা কিয়েভের পাঁচ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে। গত সপ্তাহে রুশ সেনা আর কিয়েভের দিকে এগোয়নি। মনে করা হচ্ছে, তাদের খাবার ও জ্বালানির সংকট ছিল। এখন আবার তারা কিয়েভের কাছাকাছি আসছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনও কামান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে। কিয়েভের মেয়র বলেছেন, “শহরের অর্ধেক মানুষ চলে গেছেন। শহর এখন দুর্গের চেহারা নিয়েছে। শহরের মানুষ প্রতিজ্ঞা করেছেন যে, তারা কিছুতেই রুশ সেনাকে কিয়েভ অধিকার করতে দেবেন না।”
সাবেক বক্সিং চ্যাম্পিয়ন ক্লিচকো বলেছেন, “প্রতিটি রাস্তা, প্রতিটি বাড়ি, প্রতিটি চেকপয়েন্ট দুর্গের চেহারা নিয়েছে। সাধারণ মানুষ ইউনিফর্ম পরে মেশিনগান হাতে নিয়ে তা পাহারা দিচ্ছেন।” ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার দশটি যুদ্ধবিমান ধ্বংস করেছে। সেই সঙ্গে তারা দুইটি বড় কনভয় ধ্বংস করেছে বলেও দাবি করেছে।
একটি বিবৃতিতে তারা জানিয়েছে, এসইউ ২৫ ও এসইউ ৩৪ জেট ধ্বংস করা হয়েছে। ইউক্রেন অবশ্য জানায়নি, কোথায় তারা এই পাল্টা আঘাত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই নিয়ে কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের এই দাবি এখনো পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি।