আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়াকে সন্তুষ্ট রাখতে ইউক্রেনকে আত্মসমর্পণের প্রস্তাব দিচ্ছে ইসরাইল। এমন অভিযোগ করেছেন ইউক্রেন সরকারের একজন পদস্থ কর্মকর্তা। তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুশি করতে তার দাবি মোতাবেক ইউক্রেনকে আত্মসমর্পণের পরামর্শ দিচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
তিনি বলেন, আসলে মধ্যস্ততার কথা বলে ইসরাইল ফায়দা তুলে নিতে চাইছে। সিরিয়ায় রুশ বাহিনীর চাপ থেকে বাঁচতে গোপনে পুতিনের সঙ্গে এ আঁতাত করেছে বলে অভিযোগ করছে ইউক্রেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনের একজন পদস্থ কর্মকর্তা শুক্রবার ইসরাইলের সংবাদমাধ্যম ওয়াল্লা ও হারেৎজকে দেওয়া বক্তব্যে এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, ''মধ্যস্থতার নামে রাশিয়ার পরামর্শে ইউক্রেনের ক্ষতি করতে চাচ্ছে ইসরাইল। আমাদের প্রেসিডেন্ট জেলেনস্কি ইসরাইলের মতো মধ্যস্ততাকারী চান না।'' এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিতে দেশটির কাছে আহ্বান জানিয়েছিলেন। তবে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে সাড়া পাননি জেলেনস্কি। সূত্র : মিডলইস্ট আই