মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ১২:২৭:০৩

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখলো কর্নাটক হাইকোর্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখলো কর্নাটক হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : ধর্মীয় কারণে হিজাব মোটেই অপরিহার্য নয়। মঙ্গলবার ভারতের কর্ণাটক হাইকোর্ট এ রায় দিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব বা গেরুয়া ওড়না পরে প্রবেশের ওপর রাজ্য সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে সেটিও বহাল থাকছে। এদিনের রায়ে স্কুল ইউনিফর্ম নিয়ে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, স্কুল ইউনিফর্ম একটি যুক্তিসঙ্গত বিধিনিষেধ, যা সাংবিধানিকভাবে বৈধ।

বিজেপি শাসিত ভারতের কর্ণাটক রাজ্যে অশান্তির জেরে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরে প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। একই সঙ্গে নিষেধাজ্ঞা জারি হয় হিন্দুদের গেরুয়া ওড়না পরে প্রবেশেও। হিজাব নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে বেশ কিছু ছাত্র-ছাত্রী আদালতের দ্বারস্থ হয়। তাদের দাবি ছিল, হিজাব পরা তাদের সাংবিধানিক অধিকার। রাজ্য সরকার সেই অধিকার কেড়ে নিচ্ছে।

৫ ফেব্রুয়ারি কর্ণাটক সরকার হিজাব ও ওড়না নিষিদ্ধ ঘোষণার পরই আদালতের দ্বারস্থ হয়েছিল শিক্ষার্থীরা। ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট বহাল রাখে হিজাবের ওপর সাময়িক নিষেধাজ্ঞা। ১১ দিন শুনানির পর মঙ্গলবার কর্ণাটক হাইকোর্ট জানিয়ে দেন, হিজাব মোটেই অপরিহার্য নয়। তাই নিষেধাজ্ঞা বহাল থাকছে। একই সঙ্গে হিজাবের পক্ষে দাখিল করা ৫টি মামলাও খারিজ করে দেন আদালত।

কর্নাটক হাই কোর্টের প্রধান বিচারপতি রীতুরাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত এবং বিচারপতি জেএম খাজির একটি পূর্ণাঙ্গ বেঞ্চ আজ মঙ্গলবার হিজাব মামলা নিয়ে গুরুত্বপূর্ণ এই রায়দান করেন। এদিনের রায়ে স্কুল ইউনিফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে আদালত। বিচারপতিদের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, স্কুল ইউনিফর্ম একটি যুক্তিসঙ্গত বিধিনিষেধ, যা সাংবিধানিকভাবে বৈধ। আদালত জানিয়েছে, স্কুলের পোশাক নিয়ে রাজ্য সরকারের যে কোনও আদেশ জারি করার ক্ষমতা রয়েছে। এদিন মামলা সংক্রান্ত রিট পিটিশন খারিজ করে দিয়েছে আদালত। সূত্র : রয়টার্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে