আন্তর্জাতিক ডেস্ক : জাপানের স্কুলগুলির ছাত্রীদের জন্য জারি হল এক অদ্ভূত নির্দেশিকা। নির্দেশিকা সামনে আসার পর গোটা বিশ্বের অনেকেই চমকে গিয়েছেন। জাপানের স্কুলিগুলিতে ছাত্রীদের নির্দেশিকা দিয়ে চুলে ‘পনিটেল’ বাঁধতে নিষেধ করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, তাদের এই ধরনের হেয়ার স্টাইল, ছাত্রদের উত্তেজেনা বৃদ্ধি করতে পারে।
মিডল স্কুলের সাবেক শিক্ষক মোটোকি সুগিয়ামা, ভাইস ওয়ার্ল্ড নিউজকে জানিয়েছেন, “কর্তৃপক্ষ মনে করছে এই ভাবে পনিটেল করে চুল বাঁধলে ছাত্ররা মেয়েদের দিকে তাকাবে। একই কারণে স্কুল গুলিতে শুধুমাত্র সাদা অন্তর্বাসের নিয়ম চালু করা হয়েছিল। আমি বারবার এই ধরনের নিয়মের নিন্দা করেছি। তবে দেশে এই নিয়ে সমালোচনা হয়না বললেই চলে। তাই বিষয়টি স্বাভাবিক হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীদের কোনও উপায় নেই, তাই বাধ্য হয়ে এই নিয়ম মানতে হয়। অনেক স্কুলেই এই নিয়ম মানা হয়না অথবা নিয়ম না মানলে কোনও শাস্তি দেওয়া হয়না।”
উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের প্রশাসন সেদেশের মানুষের জন্য পোশাক, চুল কাটা নিয়ে নানা ধরনের আজব নিয়ম চালু করেছে। তবে অনেকেই জানেন না জাপানের স্কুলগুলিতেও এই ধরনের বেশ কিছু অদ্ভূত নিয়ম কানুন চালু রয়েছে। সেখানে চুলের রঙ, মেক-আপ, মোজা ও স্কার্টের দৈর্ঘ্য নিয়েও নানা ধরনে কড়া নিয়মনীতি রয়েছে।
রাজধানী টোকিওর অর্ধেকের বেশি হাই স্কুলের ছাত্রছাত্রীদের যদি চুল ঢেউ খেলান হয় অথবা চুলের রঙ কালো না হয়, তবে তাদের লিখিতভাবে স্কুল কর্তৃপক্ষকে জানাতে হয় যে, তাদের চুল জন্মগতভাবে এই রকম, কোনও কৃত্রিম উপায়ে এটা করা হয়নি। টোকিও মেট্রোপলিটন সরকার পরিচালিত ১৭৭ টি স্কুলের মধ্য ৭৯ স্কুলে অভিভাবকের সই করিয়ে এই ধরনের মুচলেকা সই করে স্কুলে জমা দেওয়ার নিয়ম রয়েছে। সূত্র : দ্যা গার্ডিয়ান