আন্তর্জাতিক ডেস্ক : শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘শেষ পর্যন্ত যাই হোক না কেন, এ যুদ্ধে কেউ জিতবে না, সবাই হারবে।’ সোমবার তিনি বলেন, 'ইউক্রেন আগুনে পুড়ছে। বিশ্বের চোখের সামনে দেশটি ধ্বংস হয়ে যাচ্ছে। বেসামরিক নাগরিকদের ওপর যুদ্ধের প্রভাব ভয়াবহ মাত্রায় পৌঁছে গেছে। নারী-শিশুসহ অগণিত নিরপরাধ মানুষ নিহত হয়েছে।'
জাতিসংঘ মহাসচিব বলেন, 'রুশ বাহিনীর হামলায় রাস্তা, বিমানবন্দর, স্কুলগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জানিয়েছে, অন্তত ২৪টি স্বাস্থ্যকেন্দ্রে হামলার করা হয়েছে। কয়েক লাখ মানুষ পানি-বিদ্যুৎহীন। প্রতি ঘণ্টায় শুধু দুটি বিষয় পরিষ্কার হচ্ছে। প্রথমত পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। দ্বিতীয়ত, শেষ পর্যন্ত যাই হোক না কেন, এই যুদ্ধে কেউ বিজয়ী হবে না, শুধু পরাজিত হবে।'
গুতেরেস জানান, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ করছেন এমন বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে কথা বলেছেন। তারা মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান জাতিসংঘ মহাসচিব। তবে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর পর থেকে গুতেরেস এ পর্যন্ত পুতিনের সঙ্গে কথা বলেননি।