আন্তর্জাতিক ডেস্ক : 'নিষেধাজ্ঞার সুযোগে রাশিয়া থেকে সস্তায় তেল কিনতে পারে ভারত', এমন সংবাদের পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার 'মিত্র' দেশটিকে বিষয়টি ২ বার ভেবে দেখার অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন মতে, হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি নয়াদিল্লিকে রাশিয়া থেকে কম দামে অপরিশোধিত তেল কেনার পরিকল্পনা না করার অনুরোধ করেছেন। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে এমনটি করা হলে মস্কোর নেতারা 'উৎসাহ' পাবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, ভারতের কর্মকর্তারা 'রাশিয়া বেশ কম দামে তেলসহ অন্যান্য পণ্য কেনার প্রস্তাব দিয়েছে' উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, প্রস্তাবটি গ্রহণ করতে পারলে নয়াদিল্লি 'খুশি' হবে। জেন সাকি গণমাধ্যমকে বলেন, 'সব দেশের প্রতি আমাদের বার্তা, নিষেধাজ্ঞা মেনে চলুন।'
তিনি মনে করেন, এ সময়ের ইতিহাস বইয়ে লেখা হবে কে কোন দিকে অবস্থান নিচ্ছে। সাকি বলেন, 'রুশ নেতাদের সমর্থন দিলে আগ্রাসনের পক্ষে অবস্থান নেওয়া হবে। নিশ্চিতভাবে এর ফলাফল হবে ভয়াবহ।' বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে, দিল্লি তার মূল ব্যবসায়িক অংশীদারের সঙ্গে ব্যবসা চালিয়ে যেতে চায়। এ অবস্থায় ভারত কিছুটা ছাড়ে অপরিশোধিত তেল এবং অন্যান্য পণ্য কেনা সংক্রান্ত রুশ প্রস্তাবে সম্মতি জানাতে পারে। সূত্র : আরটি