বুধবার, ১৬ মার্চ, ২০২২, ০৭:৩৬:২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ; যে দেশের ১৩৮০০ সৈন্য হত্যার দাবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ; যে দেশের ১৩৮০০ সৈন্য হত্যার দাবি

আন্তর্জাতিক ডেস্ক : আজ প্রায় ২১ দিন হতে চলল পরাশক্তি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ। এদিকে এই দুই দেশের শুরু হওয়া যুদ্ধে ইউক্রেনে এখন পর্যন্ত রাশিয়ার প্রায় ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রণালয়। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই দাবি করা হয়েছে বলে খবর দিয়েছে আলজাজিরা।

ফেসবুক পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে রাশিয়ার ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে। এছাড়া ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার ৪৩০টি ট্যাংক, এক হাজার ৩৭৫টি সাঁজোয়া যান, ৮৪টি বিমান, ১০৮টি হেলিকপ্টার ও ১১টি ড্রোন ধ্বংস করেছে।

এতে বলা হয়েছে, এই পরিসংখ্যান আনুমানিক এবং তীব্র লড়াইয়ের কারণে এই পরিসংখ্যান যাচাই করা জটিল। গত ২ মার্চ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় ইউক্রেনে ৪৯৮ রুশ সৈন্য নিহত হয়েছে বলে স্বীকার করে। তারপর থেকে দেশটিতে অভিযানে যাওয়া সৈন্যদের হতাহতের ব্যাপারে আর কোনো হালনাগাদ তথ্য প্রকাশ করেনি মস্কো।

এদিকে, গত কয়েক সপ্তাহের যুদ্ধে ইউক্রেনের বিভিন্ন শহর প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এর মাঝে প্রায় প্রত্যেকদিনই দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা দফায় দফায় শান্তি আলোচনা করলেও এখন পর্যন্ত যুদ্ধের তীব্রতা কমেনি।

তবে বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনের সাথে একটি সম্ভাব্য শান্তি চুক্তির কিছু অংশ নিয়ে মস্কো-কিয়েভ ঐকমত্যে পৌঁছানোর কাছাকাছি রয়েছে। কিয়েভ নিরপেক্ষতা নিয়ে আলোচনা করতে রাজি হওয়ার পর যুদ্ধরত দুই দেশ ওই চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে জানানো হয়েছে। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম যুদ্ধ অবসানের আশা তৈরি হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে