বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ১২:৩৭:০৪

'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমা দেখতে নিষেধ করলেন মমতা ব্যানার্জী

'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমা দেখতে নিষেধ করলেন মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখতে পুলিশ কর্মকর্তাদের বিশেষ ছুটি দিয়েছে ভারত সরকার। এর আগে চার রাজ্য মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও হরিয়ানায় সিনেমাটি করমুক্ত ঘোষণা করা হয়। সিনেমাটি নিয়ে ভারতজুড়ে যখন হইচই চলছে তখন এটি দেখতে নিষেধ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সিনেমার নাম উল্লেখ না করে মমতা বললেন, ‘কেউ ওই সিনেমা দেখতে যাবেন না। সিনেমায় যা দেখায় তা কখনোই সত্যি নয়।’ বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বক্তৃতাকালে এমন বক্তব্য দেন মমতা।

‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার কটাক্ষ করে মমতা বলেন,  ‘কেউ সিনেমা দেখতে যাবেন না। ভাইরাল ভিডিও দেখবেন না। সিনেমায় যা দেখায় তা কখনোই সত্যি নয়। তাই সেগুলো বিশ্বাস করবেন না। এগুলো সব বানানো। সিনেমা সিনেমাই। কোনো দিন সত্যি হবে না। ওদের আসলে অনেক টাকা, তাই টাকা খরচ করে এসব বানায়। দেখবেন না এসব। বিশ্বাসও করবেন না।’

‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা মূলত ১৯৯০ সালে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের ওপর নির্যাতনের গল্পে নির্মিত। ১৪ কোটি রুপির বাজেটে নির্মিত বিবেক অগ্নিহোত্রী রচিত ও পরিচালিত এ সিনেমা মুক্তির পর চার দিনে ৪২.২০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহ শেষে ৭৫ কোটি রুপি আয় করতে পারে সিনেমাটি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে