আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে অবস্থানরত ইউক্রেনের নাগরিকদের ভিসার মেয়াদ বাড়িয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। সৌদির অভিবাসন কর্তৃপক্ষের প্রধান বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে পর্যটক, ব্যবসায়ী বা শ্রমিক-ইউক্রেনের নাগরিকরা যে পেশারই হোক না কেন, ভিসার মেয়াদ বাড়াতে কোনো ধরনের ফি নেওয়া হবে না।
মানবিক কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার। সৌদি বাদশাহ সালমানের নির্দেশে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভিসার মেয়াদ বাড়াতে কোনো ইউক্রেনীয়কে অভিবাসন কর্তৃপক্ষের দপ্তরে আসার প্রয়োজন নেই, স্বয়ংক্রিয়ভাবে সবার ভিসার মেয়াদ বাড়িয়ে দিচ্ছে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।