রবিবার, ২০ মার্চ, ২০২২, ০৪:৫৩:০৮

ইমরান খানকে পদত্যাগের নির্দেশ দিলেন পাকিস্তানের সেনাপ্রধান!

ইমরান খানকে পদত্যাগের নির্দেশ দিলেন পাকিস্তানের সেনাপ্রধান!

আন্তর্জাতিক ডেস্ক : দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। তার বিরুদ্ধে নতুন করে অনাস্থা প্রস্তাব আনছে বিরোধী জোট। সম্ভবত সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না ইমরান। গদি বাঁচানো প্রায় অসম্ভব। এই পরিস্থিতিতে পাকিস্তানের সেনাও এবার হাত সরিয়ে নিচ্ছে ইমরানের উপর থেকে। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পাক সেনার চার শীর্ষ পদাধিকারী, যাদের মধ্যে অন্যতম সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, ইমরানকে পদত্যাগ করার কথা বলেছেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার জেনারেল বাজওয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ইমরান। বৈঠকে অনাস্থা প্রস্তাব থেকে শুরু করে বলোচিস্তানে বিদ্রোহীদের কার্যকলাপ নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। 

তবে, যাবতীয় আলাপ আলোচনা সত্ত্বেও যে শেষ পর্যন্ত ইমরান আর সেনার আস্থাভাজন নেই, তা ক্রমশই পরিষ্কার হয়ে উঠছে। আগামীকাল, সোমবারই বিরোধী দলগুলির জোটের তরফে পাক সংসদের স্পিকারের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে। যদি তিনি সেটি গ্রহণ করে তাহলে সম্ভবত ২৮ তারিখ তা নিয়ে আলোচনা হবে। সেই ভোটাভুটিতে ইমরানের পক্ষে গদি বাঁচানো মুশকিল।

এদিকে বিরোধীদের হুঁশিয়ারি, যদি স্পিকার প্রস্তাবটি গ্রহণ না করেন কিংবা ভোটাভুটির তারিখ পিছিয়ে দেন, তাহলে তারা ধরনায় বসবেন। এই পরিস্থিতিতে পাক সেনাও ইমরানে পাশে নেই বলেই ভারতের গোয়েন্দা সূত্র দাবি করছে। ২২ ও ২৩ মার্চ সংসদের সেক্রেটারিয়েট ভবনেই ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন’-এর বৈঠক রয়েছে। সেখানে ওই সংগঠনের সদস্য ইসলাম-প্রধান রাষ্ট্রগুলির বিদেশমন্ত্রীরা যোগ দেবেন। পাক সেনার নির্দেশ, ওই সম্মেলনটির পরই যেন নিজেই ইস্তফা দেন ইমরান।

গোয়েন্দা সূত্রে পাওয়া খবর থেকে পরিষ্কার ইঙ্গিত, ইমরানকে ঘিরে চলতে থাকা লাগাতার বিক্ষোভের ঢেউ যে জায়গায় পৌঁছেছে, সেখান থেকে আর তার পক্ষে গদি বাঁচানো সম্ভব নয়। সে কথা বুঝে গিয়েছে পাক সেনাও। তাছাড়া ইমরানের প্রতি সেনাও খুশি নয়। বিশেষ করে ইউক্রেন ইস্যুতে যেভাবে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নকে কটাক্ষ করেছেন পাক প্রধানমন্ত্রী, সেটাও একেবারেই ভালভাবেই নিচ্ছে না তারা। সূত্র : এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে