আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান চালিয়েছে রুশ বাহিনী। দুই দেশের মধ্যে চলেছে তুমুল যুদ্ধ। এদিকে ইসরায়েলই ইউক্রেনীয়দের জীবন বাঁচাতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রোববার (২১ মার্চ) ইসরায়েলের পার্লামেন্টে এক ভিডিও ভাষণে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, ইসরায়েলের কাছে দুনিয়ার সবচেয়ে ভালো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। আপনারা (ইসরায়েল) নিশ্চিতভাবে আমাদের জনগণকে সাহায্য করতে পারেন, ইউক্রেনীয়দের জীবন বাঁচাতে পারেন।
তিনি বলেন, ইসরায়েল তার দেশ (ইউক্রেন) এবং রাশিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ের আলোচনার ব্যবস্থা করার জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছে। এ জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেটও একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন। তার এমন প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ। তিনি বলেন, যদি সম্ভব হয়, তাহলে শান্তি খুঁজে পাওয়ার জেরুজালেমই সঠিক জায়গা। সূত্র: বিবিসি