আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ায় কোনো অস্ত্র ও গোলাবরুদ পাঠাবে না চীন। একই সঙ্গে ইউক্রেন-রাশিয়া সংকট দূর করতে বেইজিং সব কিছু করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কিন গ্যাং। সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির অন্য অনেক শহরে রুশ সামরিক বাহিনী সফলতা পেলেও রাজধানী কিয়েভ অঞ্চলে এখনও সুবিধা করতে পারেনি তারা। এই পরিস্থিতিতে চীনের কাছে রাশিয়া অস্ত্র সহায়তা চেয়েছে বলে খবর বের হয়েছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, মস্কোর অনুরোধের পর চীন সাহায্য করার জন্য প্রস্তুত হতে পারে এমন ইঙ্গিতও পাওয়া গেছে। এরপরই চীনের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে ওয়াশিংটন। রাশিয়াকে সহায়তা করলে চীনকে পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে দেয় দেশটি। সর্বশেষ গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে দেন যে, চীন যদি রাশিয়াকে সহায়তা করে তবে তাকে 'পরিণাম' ভোগ করতে হবে।
তবে চীন বরাবরই পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর এই ধরনের দাবি অস্বীকার করে আসছিল। এমনকি চীনের কাছে রাশিয়ার সামরিক ও আর্থিক সহায়তা চাওয়ার খবরটিকে 'গুজব' বলেও দাবি করে বেইজিং। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিবিএসের সঙ্গে কথা বলা সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কিন গ্যাং জানালেন, চীন কোনো অস্ত্র ও গোলাবরুদ রাশিয়ায় পাঠাচ্ছে না।