আন্তর্জাতিক ডেস্ক : দ্য কাশ্মীর ফাইলস ঘিরে ফের মাথাচাড়া দিয়েছে নব্বইয়ের দশকের কাশ্মীরি পণ্ডিতদের দুরবস্থার বিতর্ক। সেই বিতর্কে বারবার উঠে এসেছে কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহের নাম। সেই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন কাশ্মীরের প্রবীণ রাজনীতিবিদ। জানালেন, যদি কাশ্মীরি পণ্ডিতদের দুরবস্থার জন্য তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হোক।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ফারুক আবদুল্লাহ বলেন, ''আসল সত্যিটা তখনই জানা যাবে, যখন কোনও সৎ বিচার কমিটি নিয়োগ করা হবে। তখনই সবাই জানতে পারবে কারা দায়ী। যদি ফারুক আবদুল্লাহ দোষী সাব্যস্ত হয় তাহলে দেশের যে কোনও প্রান্তে তাকে ফাঁসিতে ঝোলানো হোক। আমি সেই বিচারের মুখে পড়তে রাজি আছি কিন্তু যারা দোষী নন, তাদের দায়ী করা বন্ধ হোক। আমি মনে করি না আমি দোষী। যদি মানুষ তেতো সত্য়িটা জানতে চান, তাহলে তারা বরং সেই সময় ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধানের সঙ্গে কথা বলুন। কিংবা কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ যিনি সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তার সঙ্গেও কথা বলা যেতে পারে।''