আন্তর্জাতিক ডেস্ক : ধরনও পরিবর্তন করে কিয়েভ, খারকিভের পর মারিউপোল, লিভিভের মতো শহরেও লাগাতার হামলা চালাচ্ছে রুশ সেনা। মঙ্গলবার মারিউপোলের উপরে অতি শক্তিশালী ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমাবর্ষণ করেছে রাশিয়া। এরপরই ফের একবার যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা তৈরি হয়েছে। তবে রাশিয়ার তরফে জানানো হয়েছে, আপাতত পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেই তাদের।
একমাত্র বিশেষ পরিস্থিতিতেই তারা পরমাণু অস্ত্র ব্যবহার করবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন ‘যদি কোনওভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে রাশিয়ার অস্তিত্ব সঙ্কটে পড়তে পারে, তবেই পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে।’ শুরু থেকে আশঙ্কা হয়েছিল, এবার হয়ত পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া কিন্তু ক্রেমলিনের তরফে জানানো হল, আপাতত সেই সম্ভাবনা নেই। যদিও যুদ্ধ শুরুর কিছুদিন পরেই জানা গিয়েছিল, রুশ প্রেসিডেন্ট সে দেশের নিউক্লিয়ার বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন।
এরপরই পশ্চিমী দেশগুলি ইউক্রেনের উপরে পারমাণবিক হামলার আশঙ্কা প্রকাশ করেছিল। চেরনোবিল পরমাণু কেন্দ্রের দখল, জাপরঝিড়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে মিসাইল হামলা ও দখল নেওয়ার চেষ্টা সেই উদ্বেগকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর তরফেও জানানো হয়, তাদের নিউক্লিয়ার মিসাইল বাহিনী সহ একাধিক সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। শীর্ষ মহলের নির্দেশ পেলেই তারা আক্রমণ চালাবে। সূত্র : সিএনএন