আন্তর্জাতিক ডেস্ক : লন্ডন থেকে দিল্লি, ৩০ হাজার কিলোমিটার রাস্তা মোটরবাইকে চেপে আসছেন ভারতের ৬৫ বছর বয়সী সাধগুরু। তিনি একাধারে আধ্যাত্মিক গুরু, যোগগুরু আবার পরিবেশ কর্মী। ভূমিক্ষয় নিয়ে অনেকদিন ধরেই আন্দোলন করছেন তিনি। এবার ‘দ্য সেভ সয়েল মুভমেন্ট’-এর প্রচারে এতটা রাস্তা বাইকে চেপে আসছেন তিনি।
১০০ দিনের যাত্রাপথে বাইকই সাধগুরুর সঙ্গী। পাড়ি দেবেন আমস্টারডাম, বার্লিন, প্রাগ। কয়েকটি শহরে কর্মসূচি আছে তার, সে সব মিটলে ৭৫ দিনে পৌঁছে যাবেন দিল্লিতে। ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিকে সম্মান দিতেই ৭৫ দিনে আসার পরিকল্পনা। লন্ডনে ভারতীয় হাই কমিশনারের অফিসের সামনে থেকে রওনা হওয়ার আগে সাধগুরু বললেন, ‘এখনই কিছু করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ নিয়ে ২৪ বছর ধরে বলে চলেছি, কিন্তু সমাধান তখনই আসবে যখন প্রত্যেকটি দেশে ইতিবাচক নীতি গৃহীত হবে।’
তিনি আরও বলেন, ‘ইউরোপের বিভিন্ন অংশে এখনও বরফ পড়ছে এবং আমরা দুই চাকায় পথ পাড়ি দেব। এই বয়সে এটা আনন্দ-ভ্রমণ নয়। তাহলে কেন করছি? কারণ গত ২০ বছরে তিন লক্ষ কৃষক আত্মহত্যা করেছেন। এই অবস্থা শুধু ভারতের নয়, গোটা পৃথিবী জুড়ে এই ঘটনা ঘটছে। একটা বড় সমস্যা হচ্ছে ভূমিক্ষয়। জীবন হোক কিংবা খেলার মাঠ, যদি আমাদের ভাল খেলতে হয়, তবে মাটি ভাল হওয়া প্রয়োজন। সময় এসেছে একজোট হয়ে বদল আনার।’