আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে কথা বলার সময় আনেন উইনস্টন চার্চিলের প্রসঙ্গ। মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় টেনে আনেন পার্ল হারবারকে। জার্মান পার্লামেন্ট বুন্ডেস্ট্যাগে বক্তৃতাকালে ইউরোপে একটি নতুন প্রাচীরের প্রসঙ্গ তোলেন।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর বিভিন্ন দেশের পার্লামেন্টে বক্তব্য রেখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি নিয়েছেন অভিনব ’কৌশল’। আর এই কৌশলের জন্যই যুদ্ধকালীন এই নেতা কুড়িয়েছেন ব্যাপক প্রশংসা।
বুধবার ফরাসি এবং জাপানি আইন প্রণেতাদের সামনে বক্তব্য রাখতে যাচ্ছেন জেলেনস্কি। এই বক্তব্যের প্রাক্কালে দেখে নেওয়া যাক বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টে কী বক্তব্য রেখে প্রশংসা কুড়িয়েছেন জেলেনস্কি।
প্রমাণ করুন আমাদের সঙ্গে আছেন : ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর সপ্তাহখানেক পর ইউরোপীয়ান পার্লামেন্টে বক্তব্য রাখেন জেলেনস্কি। এ সময় তিনি পার্লামেন্টের সদস্যদের উদ্দেশে বলেন, প্রমাণ করুন আমাদের সঙ্গে আছেন। প্রমাণ করুন আপনারা আমাদের ছেড়ে যাননি এবং আপনারা সত্যিকারের ইউরোপীয়ান।
আমরা সমুদ্রতীরেও লড়াই করব: ৮ মার্চ জেলেনস্কি ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রাখেন। তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার জানিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের প্রসঙ্গ তুলে বলেন, আমরা বনজঙ্গলে লড়াই করব, আমরা মাঠেঘাটে লড়াই করব, সমুদ্রতীরেও লড়াই করব। ১৯৪০ সালের জুন মাসে নাৎসি জার্মান আগ্রাসনের মুখে চার্চিলের ঐতিহাসিক ভাষণ ‘আমরা সমুদ্র সৈকতে যুদ্ধ করব’ এর অনুকরণে এই কথা বলেন তিনি।
আকাশপথ বন্ধ করুন: ১৫ মার্চ কিয়েভের উপকণ্ঠে আবাসিক এলাকায় আক্রমন শুরুর পর কানাডার পার্লামেন্টে বক্তব্য রাখেন জেলেনস্কি। এসময় তিনি ইউক্রেনে ওপর নো ফ্লাই জোনের আহ্বান জানান।
পার্ল হারবারের কথা স্মরণ করুন: ১৬ মার্চ মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখেন জেলেনস্কি। এ সময় তিনি বিশ্ব বিশ্বযুদ্ধের সময় মার্কিন ঘাঁটি পার্ল হারবার হামলার প্রসঙ্গ তোলেন।
এই দেওয়ালও ভেঙে ফেলুন: ১৭ মার্চ জার্মানির পার্লামেন্টে বক্তব্য রাখার সময় জেলেনস্কি দুই জার্মানিকে আলাদা করা সেই প্রাচীরের প্রসঙ্গ তোলে বলেন, ইউরোপের মধ্যে তারা দেওয়াল তুলতে চাইছে। এই দেওয়ালও ভেঙে ফেলুন।
চূড়ান্ত সমাধান: ২০ মার্চ ইসরাইলি পার্লামেন্ট নেসেটে বক্তব্য রাখেন জেলেনস্কি। ইসরাইলি সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, এনএসডিএপি নামে পরিচিত নাৎসি পার্টি, জার্মানিতে ১০২ বছর আগে ২৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল। এই বছর ওই তারিখেই রাশিয়া ইউক্রেন আক্রমণ করে।
তার কিছু আত্মীয় হলোকাস্টে মারা গেছে উল্লেখ করে ইহুদি ধর্মের অনুসারি জেলেনস্কি বলেন, তারা ওই কথাগুলো আবার বলছে-‘চূড়ান্ত সমাধান’- আমাদের সম্পর্কে, ইউক্রেনীয় জাতি সম্পর্কে….মস্কোর বৈঠকে এসব কথা বলা হয়।
তাদের ইয়ট জব্দ করুন: ২২ মার্চ জেলেনস্কি ইতালির আইন প্রণেতাদের উদ্দেশে ধনী রাশিয়ানদের স্থান না দিতে অনুরোধ জানিয়ে বলেন, এই লোকেদের স্বাগত জানানোর জায়গা দেবেন না।
তিনি ইতালির টাস্কান উপকূলে অবস্থান নেওয়া একটি রুশ মেগা ইয়টের উল্লেখ করে সব রাশিয়ান ইয়ট জব্দ করার আহ্বান জানান।